হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৬৩৪

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৪ জনের শরীরে। 

বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর সকাল ৮টা থেকে ১৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে ছয়জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৪ জন। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩২৬ জন।