তিন উইকেট হারিয়ে লড়ছে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ১২ রানের মধ্যেই দুই উইকেট হারিয়েছে সফরকারীরা। দুই ওপেনার তানজিদ হাসান ও মুমিনুক হক আউট হওয়ার পর ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন মাহফিজুল ইসলাম রবিন। চা বিরতির আগে তার সঙ্গে যোগ দেন তাওহীদ হৃদয়। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৮ রান। প্রোটিয়াদের থেকে এখনো ৯৯ রানে পিছিয়ে আছে তারা।

প্রথম ইনিংসে ৪০০ রানে অলআউট হওয়ার পর প্রোটিয়ারা প্রথম ইনিংসে তোলে ৫৫৭ রান। ফলে বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশকে। শুরু থেকেই স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে ভোগেন সফরকারী দুই ওপেনার। অবশ্য শুরুতে দুবার জীবন পান রবিন। কাগিসো রাবাদার বলে এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউ নিয়ে বদলে দেন তিনি। পরে মার্কো ইয়ানসেনের বলে প্রথম স্লিপে ক্যাচ দিলেও ভিয়ান মুল্ডার তা তালুবন্দী করতে পারেননি।

তানজিদও শুরুতে দুবার বেঁচে যান। ইয়ানসেনের বলে এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউ নিয়ে রক্ষা পান তিনি। পরে একই বোলারের বলে আরেকটি আবেদনে আম্পায়ার্স কলের কারণে টিকে যান এই বাঁহাতি ওপেনার। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। ২১ বল খেলে এক চারে ৪ রান করে ইয়ানসেনের বলে উইকেটের পেছনে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

তানজিদের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি মুমিনুলও। রাবাদার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ভেতরের কানায় লাগিয়ে স্টাম্পে টেনে আনেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ১ রান। ফলে ১২ রানেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুলের ব্যাটিং ব্যর্থতা আরও দীর্ঘ হলো। এই সফরে সর্বশেষ সাত ইনিংসের কোনোটিতেই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি তিনি। সব মিলিয়ে দেশটিতে পাঁচ টেস্টের ১০ ইনিংসে তার সংগ্রহ ১০৬ রান, গড় ১০.৬০। ২০১৭ সালে অভিষেক সফরে পচেফস্ট্রুমে প্রথম ইনিংসে ৭৭ রান করার পর থেকে আর সেই ছন্দে ফিরতে পারেননি এই বাঁহাতি।

অধিনায়ক শান্তও দায়িত্ব নিতে পারেননি। সাইমন হারমারের বলে স্লিপে এইডেন মারক্রামের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১১ রান করে করে আউট হন তিনি। রবিন ৩০ ও হৃদয় ৪ রান নিয়ে তৃতীয় ও শেষ সেশনে ব্যাটিংয়ে নামবেন।