টেস্ট চলাকালীনই শাস্তি পেলেন বাংলাদেশী পেসার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের পেসার এবাদত হোসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে এ ঘটনার জন্ম দেন এবাদত।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়-সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের দায়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়ের দিকে অনুপযুক্ত ও বিপজ্জনকভাবে বল ছুড়ে মারাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।

ঘটনাটি ঘটে প্রোটিয়াদের প্রথম ইনিংসের ১৭তম ওভারে। ওই সময় ব্যাটসম্যান নিরাপদে ক্রিজে নিজের অবস্থানে ফিরে যাওয়ার পরও তার দিকে বিপজ্জনক ও অনুপযুক্তভাবে বল ছুড়ে মারেন এবাদত। বিষয়টি আমলে নিয়ে মাঠের দুই আম্পায়ার আহসান রাজা, অ্যালেক্স ওয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গকুমা তার বিরুদ্ধে অভিযোগ আনেন।

নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন এবাদত। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম অপরাধ।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ পর্যায়ের আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা। সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট। এবাদতকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।