পটিয়ায় পাহাড়ে ২৫ কৃষক অপহরণ, মুক্তিপণ দাবি

চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও পাহাড়ি এলাকায় ক্ষেতে যাওয়ার পথে ২৫ কৃষককে পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার পূর্ব হাইদগাঁও পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তবে বুধবার (১৮ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়। 

অপহৃত কৃষকরা হলেন জসিম উদ্দিন (৪৫), ফরমান উদ্দিন (৩৫), আবদুল মন্নান (৪৮), জয়লাল আবেদিন (৩৬), আবদুল গনি (৩৫) ও মোহাম্মদ জাফর (২৬)। তারা সবাই হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের ভাষ্য, সকালে পাহাড়ে বাগানের কাজে যাওয়ার সময় ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দল কৃষকদের জিম্মি করে পাহাড়ের গহিন এলাকায় নিয়ে যান। এ সময় কয়েকজন কৃষক কৌশলে পালিয়ে বাড়িতে ফিরে আসেন।

নাম প্রকাশ অনিচ্চুক অপহৃত এক কৃষকের পরিবারের সদস্য বলেন, অপহরণকারীরা মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করেছে। পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে বিকাশের মাধ্যমে ৮০ হাজার টাকা পাঠানো হয়েছে। তবে টাকা দেওয়ার পরও ওই কৃষক এখনও ফিরে আসেননি বলে দাবি পরিবারের।

তিনি আরও বলেন, বিষয়টি পুলিশ বা গণমাধ্যমকে জানানো হলে অপহৃতদের ওপর হামলার হুমকি দেওয়া হয়েছে। এ কারণে আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা।

অপহরণের শিকার আরেক পরিবারের বৃদ্ধা মা বলেন, ‘আমরা গরীব পরিবার। পাহাড়ে কৃষি কাজ করে আমার ছেলে আমদের কোন রকমে চালায়। স্থানীয়ভাবে ঋণ করে ৩০ হাজার টাকা বিকাশে মুক্তিপণ পাঠিয়েছি। এখনও আমার ছেলে ফিরে আসেনি।’

হাইদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, এর দুইমাস আগেও হাইদগাও পাহাড়ি এলাকা থেকে অপহরণের ঘটনা ঘটেছিল। পরে মুক্তিপণ দিয়ে তারা ফিরে আসেন এবং পাহাড়ি এলাকায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। স্থায়ীভাবে বন্ধ করার পাহাড়ে সেনা ক্যাম্প স্থাপন প্রয়োজন।

এ ঘটনা জানতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রাসেল জানান, বিষয়টি সম্পর্কে আমি সম্পূর্ণভাবে অবগত নই। জেনে বিস্তারিত জানাব।