চট্টগ্রামের পটিয়ায় এক বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ওই বৃদ্ধের মাথায় দিতে হয়েছে ১৯টি সেলাই। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ১৪ দিন চিকিৎসা নেওয়ার পর প্রাণে বেঁচে ফিরেছেন তিনি।
এ ঘটনায় থানায় মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। উল্টো মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন আসামির বিরুদ্ধে। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে পরিবারটির।
চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের মঠপাড়া রজনী ধরের বাড়ি। গত ২৬ অক্টোবরের সেই হামলার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন বিধান চন্দ্র ধর ও তার পরিবার।
অভিযোগ, বিধান চন্দ্র ধরকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছেলে জয় প্রসাদ ধরের ওপরও ধারালো দা দিয়ে হামলা চালানো হয়। এতে তার পায়ে গুরুতর কাটা জখম হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় বিধান চন্দ্র ধরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে টানা ১৪ দিন চিকিৎসা শেষে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি। মাথায় দিতে হয় ১৯টি সেলাই।
এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার পরও আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে অভিযোগ পরিবারের।
ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, মামলা তুলে নিতে বাদী পক্ষকে নিয়মিত হুমকি দিচ্ছেন আসামি জসিম উদ্দিন মিরাজ, পঙ্কজ ধর, পরীক্ষিত ধর, নুর হোসেন ও মো. জমির। ফলে একদিকে গুরুতর হামলার বিচার না পাওয়ার শঙ্কা, অন্যদিকে প্রাণনাশের আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তারা।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা শফিক উল্লাহ জানান, মামলার বেশিরভাগ আসামি জামিনে রয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, দ্রুত সব আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।