জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

জামালপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ৩৫ বিজিবি। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের ১০৮৯ নম্বর পিলারের কাছে অভিযান পরিচালনা করেন সাতানীপাড়া বিওপির সদস্যরা। এ সময় বাঁশঝাড়ের পাশের একটি গর্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।