গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। আজ বুধবার (১৮ নভেম্বর) বিকাল থেকে বাস ও কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়।
বৃহস্পতিবার দিনের সব সিডিউলও বাতিল করা হয়েছে। বর্তমানে খুলনা-গোপালগঞ্জ-পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে যশোর-আরিচা-ঢাকা রুটে কিছু পরিবহন চলাচল করছে। অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীরা ওই রুট দিয়ে ঢাকায় যাচ্ছে। এর মধ্যেই নগরীর বিভিন্ন বাস কাউন্টার থেকে ‘টুঙ্গিপাড়া’ নামটি মুছে দিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, টার্মিনাল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিকালে ছাত্রদল ও যুবদলের সাবেক নেতারা টুঙ্গিপাড়া পরিবহনের কাউন্টার থেকে টুঙ্গিপাড়া শব্দ মুছে দেওয়ার পর কাউন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা রুটের অন্য পরিবহন কাউন্টারের একাংশ বন্ধ দেখা গেছে।
পরিবহন শ্রমিকরা জানান, পদ্মা সেতু চালুর পর থেকে খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা রুটটি জনপ্রিয় হয়ে ওঠে। মাত্র সাড়ে তিন থেকে চার ঘণ্টার মধ্যে ঢাকায় যাওয়ার কারণে এই রুটে নতুন পরিবহন ও এসি বাসের সংখ্যা বেড়েছে। যাত্রীও কয়েকগণ বেড়েছে। গোপালগঞ্জের ওপর দিয়ে বাস চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় মালিকরা বাস চালাতে রাজি হচ্ছেন না।
ফাল্গুনী পরিবহন সূত্রে জানা গেছে, নিরাপত্তার কারণে বাস বন্ধ করে দেওয়া হয়েছে। অগ্রিম যারা টিকিট নিয়েছেন, তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। অন্যান্য কাউন্টার ঘুরে একই দৃশ্য দেখা গেছে।
‘টুঙ্গিপাড়া এক্সপ্রেসের’ দৌলতপুর কাউন্টারের ম্যানেজার নাঈম হোসেন বলেন, লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা আটক করা হচ্ছে। ফলে নিরাপত্তার কারণে মালিকপক্ষ বুধবার বেলা ১টার পর থেকে বাস চলাচল বন্ধ করার নির্দেশ দেয়। ফলে মাওয়া রুটে সব পরিবহন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল থেকে মাওয়া রুটে পুনরায় চলাচল করার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
খুলনা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোকাম্মেল হোসেন বলেন, একটি এসি বাসের দাম এক কোটি টাকার বেশী। পুড়িয়ে দিলে সেই টাকা কে দেবে? যাত্রীদের কি হবে? মূলত গত কয়েকদিনের ঘটনা সবার মাঝে আতংক তৈরি করেছে। তবে বিকল্প রুট দিয়ে মানুষ ঢাকায় যাচ্ছে।
কয়েকটি পরিবহনকে যশোর আরিচা হয়ে ঢাকায় যাওয়ার টিকিট বিক্রি করতে দেখা গেছে। জরুরী যাত্রীরা ওইসব কাউন্টারে ভিড় করছেন।
এদিকে বুধবার বিকেলে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল ও রয়্যাল মোড়ের কাউন্টারের সাইনবোর্ডে ‘টুঙ্গিপাড়া’ নামটি কালি দিয়ে মুছে ফেলা হয়েছে। কোথাও কালো কাপড় দিয়ে নাম ঢেকে রাখা হয়। এ সময় নেতাকর্মীরা ঘোষণা দেন, খুলনায় ‘টুঙ্গিপাড়া’ নামের কোনো কাউন্টার থাকতে দেওয়া হবে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীরা বিভিন্ন বাস কাউন্টারে প্রবেশ করে বিভিন্ন সাইনবোর্ড থেকে ‘টুঙ্গিপাড়া’ লেখা অংশটি মুছে দেন। রয়্যাল মোড়ের একটি কাউন্টারে কাপড় দিয়ে লেখাটি ঢেকে দেওয়া হয়। এ সময় মহানগর ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৬ নভেম্বর নগরীর ফুলবাড়িগেট এলাকার একটি বাস কাউন্টার থেকেও ‘টুঙ্গিপাড়া’ শব্দটি মুছে দেন যুবদল নেতাকর্মীরা।