গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ কর্মসূচি চলছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বুধবারও অব্যাহত রয়েছে। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ অবরোধ কর্মসূচি পালন করছেন। বুধবার সকাল থেকে সড়কের নীলফাবাজার মোড়, রামচন্দ্রপুরের রওশনপুর, সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধ চলছে।
নীলফাবাজার মোড়ে অবরোধে অংশ নেওয়া একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বাসসহ বিভিন্ন যানবাহন চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয় মানুষের যাতায়াতের সুবিধার্থে রিকশা ও ইজিবাইক এক পাশ দিয়ে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।
অবরোধের কারণে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন স্থানে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা পড়েছেন ভোগান্তিতে।
এদিকে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অন্যদিকে, শহরের চৌরঙ্গী এলাকা ও নীলফাবাজার মোড়ে অবরোধস্থলে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে।
অন্তত সাতটি স্থানে একযোগে অবরোধ চলায় সড়কটির যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কর্মসূচি কখন শেষ হবে, সে বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।