ক্যামেরার কারিগরি বিদ্যাকে মাতৃভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন আদীশ্বর ঘটক। বাংলা ভাষায় আলোকচিত্রবিষয়ক প্রথম বই ফটোগ্রাফী শিক্ষার রচয়িতা তিনি। ছবি আঁকা শেখার প্রথম বাংলা বই চিত্রবিদ্যারও লেখক আদীশ্বর। বইটি ১৮৯৪ সালে লিখলেও প্রকাশিত হয় ১৯১১ সালে। অথচ বাংলা ভাষায় চিত্রকলা ও আলোকচিত্রচর্চার প্রাথমিক পথ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই মানুষটির জীবন ও প্রতিকৃতি দীর্ঘদিন ছিল প্রায় অনাবিষ্কৃত।
১৮৩৯ সালের ১৯ আগস্ট দাগুয়েরিওটাইপ পদ্ধতির মাধ্যমে আলোকচিত্রের নতুন অধ্যায় উন্মোচিত হয়। পরের বছরই এ বিদ্যা পৌঁছে যায় কলকাতায়। প্রথম দিকে ছবি তোলা ছিল সাহেবদের শৌখিনতা; পরে রাজা-মহারাজা ও জমিদাররাও এতে আগ্রহী হন। ব্যয়বহুল হওয়ায় সাধারণ মানুষের কাছে আলোকচিত্র ছিল অধরা। এই দূরত্ব ঘোচাতে ১৮৯৫ সালের জানুয়ারিতে প্রকাশিত হয় আদীশ্বরের ফটোগ্রাফী শিক্ষা—বাংলা ভাষায় আলোকচিত্রবিষয়ক প্রথম বই।
গবেষক সিদ্ধার্থ ঘোষের ছবি তোলা : বাঙালির ফোটোগ্রাফি-চর্চা বইয়ে আদীশ্বরের কাজের উল্লেখ পেয়ে তার জীবন ও প্রতিকৃতি অনুসন্ধানে আগ্রহী হই। ন্যাশনাল লাইব্রেরি অব ইন্ডিয়ার রেয়ার কালেকশন বুক আর্কাইভে তার দুই বইয়ের পিডিএফ পাওয়া গেলেও জীবনী বা ছবি মেলেনি। ২০২৫ সালে আলোকচিত্রপুরাণ সম্পাদনার সময় ‘প্রবাসী’, ‘ভারতী’, বিশ্বভারতী ও সাহিত্য পরিষৎ পত্রিকায় খোঁজ করেও সফল হইনি।
অবশেষে জলধর সেন সম্পাদিত ‘ভারতবর্ষ’ পত্রিকার ১৩২১ বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় তার ‘মেঘবিদ্যা’, ‘সূর্য্য’, ‘রসায়ন শাস্ত্র’ ও ‘অক্ষয়ানন্দের পারাভস্ম’ প্রভৃতি প্রবন্ধের সন্ধান পাই। পরে ১৩৩৩ বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যার ১০৫১ পৃষ্ঠায় পাওয়া যায় তার প্রয়াণসংবাদ ও প্রতিকৃতি। পদ্মাসনে বসা আদীশ্বরের পরনে ধুতি, কাঁধে শুভ্র চাদর, বুকে পৈতা, চোখে গোল ফ্রেমের চশমা, বাঁ হাতে ঘড়ি। ছবিটি পরে আমার সম্পাদিত আলোকচিত্রপুরাণ গ্রন্থে প্রথম প্রকাশিত হয়।
অনুসন্ধানের আরেকটি সূত্র মেলে এ বছর ২৬ সেপ্টেম্বর। গবেষক আপেল মাহমুদ জানান, ‘ভারতবর্ষ’র ১৩২৩ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় ‘বৃহস্পতি’ প্রবন্ধের সঙ্গে আদীশ্বরের আরেকটি ছবি ছাপা হয়েছিল। ছবিটির দুরবস্থার কারণে সেটি উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে খোঁজ করেও সংখ্যাটি পাইনি। পরে কলকাতার আলোকচিত্রী তানিয়া সরকারের সহযোগিতায় বঙ্গীয় সাহিত্য পরিষৎ গ্রন্থাগারে সংখ্যাটির সন্ধান মেলে। ছবি তোলার অনুমতি না থাকায় দীর্ঘ যোগাযোগ ও অপেক্ষার পর পরিষদের অনুমতি নিয়ে প্রতিকৃতিটি সংগ্রহ করা সম্ভব হয়।
প্রয়াণসংবাদ থেকে জানা যায়, আদীশ্বর পাশ্চাত্য মেঘবিদ্যা নিয়ে দীর্ঘদিন অধ্যয়ন করেছেন। ভারতীয় ও পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্রেও তার আগ্রহ ছিল। মেঘবিদ্যা, জ্যোতিষ ও রসায়ন বিষয়ে তার বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছিল ‘ভারতবর্ষ’ পত্রিকায়।
১৮৬৪ সালে কলকাতার চেতলায় জন্ম আদীশ্বরের। তার পৈতৃক শেকড় বাংলাদেশের যশোর জেলার মনিরামপুরের তৎকালীন ঝাঁপি ইউনিয়নের মশ্বিমনগর গ্রামে। পিতামহ শিবচন্দ্র ন্যায়রত্ন ছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত; বাবা কাশীশ্বর ঘটক চব্বিশ পরগনার পরিচিত সরকারি উকিল। চেতলার ৪ নম্বর কালীঘাট তৃতীয় লেনের বাড়িতে তার শৈশব কাটে। সংগীত ও চিত্রকলার প্রতি ছিল গভীর অনুরাগ। প্রাতিষ্ঠানিক শিক্ষক ছাড়াই নিজ সাধনায় চিত্রকলা আয়ত্ত করেন। পাশাপাশি তানপুরা, পাখোয়াজ, হারমোনিয়াম ও বাঁশি শিখেছিলেন ওস্তাদদের কাছে।
বিশ বছর বয়সে এন্ট্রান্স পাস করে কলেজে পড়ার সময় বাবার মৃত্যু হলে সংসারের দায়িত্ব নিতে হয় তাকে। ইংরেজিতে দক্ষতার সুবাদে হোমিওপ্যাথিক চিকিৎসাশাস্ত্র আয়ত্ত করে চেতলা, বেহালা ও ভবানীপুরে চিকিৎসক হিসেবে সুনাম অর্জন করেন। সাতাশ বছর বয়সে চিকিৎসা ছেড়ে চিত্রকলায় মনোযোগী হন। কলকাতার গণ্যমান্য ব্যক্তিদের তৈলচিত্র এঁকে পরিচিতিও পান। তখন একটি তৈলচিত্রের প্রতিকৃতি আঁকাতে এক থেকে দুই হাজার টাকা লাগত; ক্যামেরায় প্রায় অবিকল ছবি তোলা যেত মাত্র একশ টাকায়। আলোকচিত্রের এই সুলভ সম্ভাবনা তাকে আকৃষ্ট করে। বিলেতের সাময়িকী ও ইংরেজি বই পড়ে নিজেই ক্যামেরার কারিগরি বিদ্যা শেখেন এবং অল্প সময়ের মধ্যে আলোকচিত্রী হিসেবে পরিচিতি অর্জন করেন।
অনেকেই তার কাছে ছবি তোলার কৌশল শিখতে চাইতেন। পেশাগত ব্যস্ততায় সবাইকে হাতে-কলমে শেখানো সম্ভব ছিল না। তাছাড়া আলোকচিত্রের রাসায়নিক ও কারিগরি প্রক্রিয়াবিষয়ক বই অধিকাংশই ছিল ইংরেজিতে। তাই আগ্রহী বাঙালি শিক্ষার্থীদের জন্য সহজ বাংলায় নোট লিখতে শুরু করেন তিনি। তার ছাত্রদের কেউ কেউ এসব নোটের সহায়তায় স্টুডিও খুলে সফল হন। তাদের উৎসাহেই বইটি প্রকাশের উদ্যোগ নেন আদীশ্বর। বিলেতের মেরিয়ন অ্যান্ড কোম্পানির প্র্যাক্টিক্যাল গাইড টু ফটোগ্রাফি, ক্যাপ্টেন এব্নি, অধ্যাপক বরটন ও এইচ. পি. রবিনসনের বই থেকে সহায়তা নিয়ে পাণ্ডুলিপি তৈরি করেন। চিকিৎসক ক্ষীরোদাপ্রসাদ চট্টোপাধ্যায় পাণ্ডুলিপি পড়ে তাকে বই প্রকাশে উৎসাহিত করেন। ১৩০১ বঙ্গাব্দের পৌষ মাসে (জানুয়ারি, ১৮৯৫) কলকাতার ১৫৫ নম্বর বলরাম দে স্ট্রিটের টিউটর প্রেস থেকে প্রকাশিত হয় ফটোগ্রাফী শিক্ষা। বইটি তিনি ক্ষীরোদাপ্রসাদকে উৎসর্গ করেন।
জীবনের শেষ পর্বে আদীশ্বর আধ্যাত্মিক সাধনা ও ধর্মচর্চায় মনোযোগী হন। তন্ত্রশাস্ত্র ও যোগসাধনায় তার অনুরাগ ছিল; ধর্মসংগীতেও মুগ্ধ করতেন শ্রোতাদের। ১৯২৬ সালের অক্টোবরে যকৃতের অসুখে ৬২ বছর বয়সে তার মৃত্যু হয়। রেখে যান চার পুত্র ও তিন কন্যা। প্রয়াণসংবাদে উল্লেখ করা হয়, জ্যেষ্ঠ পুত্র রঘুপতি ঘটক তখন ত্রিপুরা জেলার (বর্তমান কুমিল্লা) ইনকামট্যাক্স অফিসার; অন্য তিন পুত্র বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলে অধ্যয়নরত।
বাংলা ভাষায় আলোকচর্চার ইতিহাসে আদীশ্বরের গুরুত্ব তার প্রথম বইটির মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন শিল্পমাধ্যমের জ্ঞান মাতৃভাষায় সহজবোধ্য করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ তিনি নিয়েছিলেন, তা ছিল সময়ের তুলনায় অগ্রসর। ক্যামেরায় দৃশ্য ধরে রাখার পাশাপাশি কলমের সাহায্যে সেই বিদ্যা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছিলেন তিনি।