নবান্নে জামাই মেলা

নবান্ন উৎসব উপলক্ষে বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে বসেছে মাছের মেলা। উৎসবমুখর এই মেলাকে ঘিরে দুই জেলায় বইছে আনন্দের আমেজ। ঐতিহ্যবাহী এ মেলাটি স্থানীয়ভাবে ‘জামাই মেলা’ নামে পরিচিত। বগুড়া প্রতিনিধি জানান, গতকাল ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পদচারণায় মেলা মুখরিত ছিল। মেলাকে ঘিরে আশপাশের ২২টি গ্রামে মেয়ে জামাই ও আত্মীয় স্বজনদের আগমন শুরু হয়েছে। মেলায় বোয়াল, রুই, কাতলা, চিতল, ব্লাক কার্প, সিলভার, ব্রিগহেডসহ বিভিন্ন প্রজাতির মাছের পসরা সাজানো হয়েছে। মাছ ছাড়াও নতুন আলুসহ সবজি ও মিষ্টান্নসহ শিশুদের খেলনার দোকান বসানো হয়েছে। বগুড়া জেলায় নবান্নের মাছের মেলায় ৫ থেকে ৭ কোটি টাকার মাছ ও অন্য জিনিসপত্র বেচাকেনা হয় বলে জানা গেছে।

নবান্ন উৎসবকে কেন্দ্র করেই প্রতিবছর শিবগঞ্জের উথলী গ্রামের বটতলায় মাছের মেলা বসে। এই মেলার রয়েছে প্রায় তিনশ বছরের ঐতিহ্য। রবিবার সকাল থেকেই বগুড়ার বিভিন্ন এলাকা থেকে ক্রেতা বিক্রেতারা বড় মাছ কেনার জন্য মেলায় ভিড় জমিয়েছেন। শিবগঞ্জের উথলী গ্রামের বটতলায় শতাধিক দোকানে ১ কেজি থেকে শুরু করে ২৫ কেজি ওজনের বিভিন্ন জাতের মাছ দেখা গেছে। ২২ কেজি ওজনের ব্লাডকার্প, ২০ কেজি ওজনের কাতল, ১৮ কেজি ওজনের কাতল, ১০ কেজি রুই, বিভিন্ন ওজনের কাকলে, ব্রিগহেড, বাগার, সিলভার কার্প, চিতল, বোয়াল সহ হরেক রকমের মাছ বিক্রি হয়েছে।

বিশালাকৃতির রুই ও কাতলা ৪০০ থেকে ১৫০০ টাকা, চিতল ৮০০ টাকা কেজিতে বিক্রি হলেও মাঝারি আকারের মাছ ২৫০ টাকা থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এ ছাড়া ৪৫০ টাকা থেকে ৬০০ টাকা দরে ব্ল্যাক কার্প, ব্রিগহেড ও সিলভার কার্প মাছ বেচাকেনা হয়েছে। মেলা চত্বরে মাছের মেলার পাশাপাশি শাক-সবজির পসরাও সাজানো হয়। এখানে নতুন আলু বিক্রি হয়েছে ১২০ টাকা থেকে ১৫০ টাকা কেজি দরে, গত বছর এই আলু ৫০০ টাকা কেজি।

শিবগঞ্জ উপজেলার শরিফুল জানান, মেলায় ছোট-বড় মিলে শতাধিক মাছের দোকান বসেছে। প্রত্যেক বিক্রেতা অন্তত ৫ থেকে ১০ মণ করে মাছ বিক্রি করেছেন। মেলায় মাছ সরবরাহের জন্য সেখানে রাত থেকে বেশ কয়েকটি আড়ৎ খোলা হয়। সেসব আড়ৎ থেকে স্থানীয় বিক্রেতারা পাইকারি দরে মাছ কিনে মেলায় খুচরা বিক্রি করেন।

এদিকে জেলার মহাস্থান, নন্দীগ্রাম, কাহালু, সারিয়াকান্দি, শহরের চাষি বাজার, ফতেহ আলী বাজার, কলোনী বাজারসহ বিভিন্ন স্থানে বসেছে মাছের মেলা।

জয়পুরহাট প্রতিনিধি জানান, নবান্ন উৎসবকে কেন্দ্র করে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। ভোর থেকেই জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে মাছ ব্যবসায়ীরা বিভিন্ন মাছ নিয়ে বাজারে হাজির হন। থরে থরে সাজানো বিশাল আকৃতির মাছ দেখতে ভিড় জমান কৌতূহলি ক্রেতারা। দিনব্যাপী চলা এ মেলায় কাতলা, রুই, মৃগেল, চিতল, ব্ল্যাক কার্প, গ্লাস কার্প, কালাবাউশ, ব্রিগেড ও সিলভার কার্পসহ নানা প্রজাতির মাছের পসরা সাজানো হয়। বিক্রেতাদের হাঁক-ডাক আর ক্রেতাদের দর দামে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা। বড় মাছ কেনার এক অন্যরকম প্রতিযোগিতাও লক্ষ্য করা যায় ক্রেতাদের মধ্যে।

এবারের মেলায় সবচেয়ে বড় আকর্ষণ ছিল ২৫ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ, যার দাম হাঁকানো হয়েছে ৪০ হাজার টাকা। এ ছাড়া সাইজ ও মানভেদে বিভিন্ন মাছ প্রতি কেজি ৩০০ টাকা থেকে শুরু করে ১,৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

নবান্ন ও এই জামাই মেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বাড়ি বাড়ি। মেয়ে-জামাইসহ দূর-দূরান্তের আত্মীয়-স্বজনদের আগে থেকেই আমন্ত্রণ জানানো হয়। নতুন চালের ক্ষীর, নানা ধরনের পিঠা-পুলি, পায়েস ও ফিরনি দিয়ে মেহমানদের আপ্যায়নে এখন ব্যস্ত সময় পার করছেন গৃহিণীরা।

কালাই উপজেলার মোলামগাড়ী বাজার থেকে আসা জামাই শাহাদাত হোসেন বলেন, নবান্ন উপলক্ষে প্রতি বছরই এই মেলা আমাদের সংস্কৃতির একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। শ্বশুরবাড়ির ঐতিহ্য রক্ষার্থে এবং জামাই হিসেবে বড় মাছ কেনার আনন্দই আলাদা।

মাছ বিক্রেতা শাহ আলম হোসেন, জালাল উদ্দিন ও মোজাম্মেল হক জানান, মেলায় ক্রেতাদের বেশ ভালো উপস্থিতি রয়েছে এবং বড় মাছের চাহিদা সবচেয়ে বেশি। এবার মাছের দামও মোটামুটি স্বাভাবিক রয়েছে। ক্রেতারা স্বাচ্ছন্দ্যে মেলায় মাছ কিনছেন।

কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এই মাছের মেলায় সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

ক্যাপশন : বগুড়ার শিবগঞ্জে গতকাল বসেছে মাছের মেলা দেশ রূপান্তর