বেশি দামে এলপিজি বিক্রি করছে জেএমআই

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ এএম

নির্ধারিত দামের তুলনায় জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড ডিলারদের কাছে ১২ কেজির এলপিজি বিক্রি করছে ২১৫ থেকে ২৮৫ টাকা বেশি দামে। আমদানিকারক নিজেই বাড়তি দামে বিক্রি করায় বাজারে এর প্রভাব ভোক্তা পর্যায়েও পড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্রাহকের জন্য যেমন এলপিজির দাম নির্ধারণ করে দেয়, তেমনি আমদানিকারক কত দামে এলপিজি বিক্রি করবে, তাও নির্ধারণ করে দেয়। ডিলারদের অভিযোগ, সব আমদানিকারক সরকারি নির্দেশনা মানছে না। ফলে বাজারে সরকার নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না।

বিইআরসি নভেম্বর মাসে ভোক্তাদের জন্য ১২ কেজির এলপিজির দাম নির্ধারণ করে ২০৬০ টাকা। এই দামের মধ্যে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতার কমিশন রয়েছে। একজন পরিবেশককে প্রতিটি ১২ কেজির বোতল পৌঁছে দিয়ে আমদানিকারক দাম নিতে পারবে ১ হাজার ৯০৫ টাকা।

জেএমআইর একজন পরিবেশক তার চলতি মাসের শুরুর দিকের চালানের তথ্য এই প্রতিবেদককে পাঠান। সেখানে দেখা যায়, তাকে ১২ কেজির সিলিন্ডারের জন্য জেএমআইকেই ২ হাজার ১৯০ টাকা দিতে হয়েছে। এরপর দ্বিতীয় সপ্তাহে তারা আবার বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করে ২ হাজার ১২০ টাকা। অর্থাৎ ১২ কেজির সিলিন্ডার প্রতি আমদানিকারকের নির্ধারিত ১ হাজার ৯০৫ টাকার চেয়ে ২১৫ থেকে ২৮৫ টাকা বেশি নিচ্ছে জেএমআই।

সূত্র বলছে, দেনার দায়ে ডুবতে বসা এই কোম্পানিটি এলপিজি আমদানি করে না। অন্য যেসব কোম্পানি এলপিজি আমদানি করে তাদের কাছ থেকে এলপিজি কিনে বিক্রি করে। এজন্য বাজারে তাদের দাম অন্যদের তুলনায় বেশি। এ বিষয়ে মন্ত্রণালয়ে একাধিকবার বৈঠক হলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে, তাদের কাছে গ্যাস না থাকলে তারা কী করবে। জেএমআইয়ের মতো অন্য যারা একই কাজ করে বাজারে অস্থিতিশীলতা তৈরি করেছে তাদের বিষয়ে কঠোর হওয়ার বদলে ছাড় দেওয়ার অভিযোগ উঠেছে। এলপিজির বড় আমদানিকারকদের এখনও বাজারে দেড় কোটির বেশি সিলিন্ডার রয়েছে। তারা একেবারে আমদানি না করাতে এই সংকট তৈরি হয়েছে।

জেএমআইয়ের এই ঘটনা প্রমাণ করছে, বাজারে এলপিজির দাম বেড়ে যাওয়ার জন্য শুধু পরিবেশক আর খুচরা বিক্রেতারা নয় আমদানিকারকরাও দায়ী। তবে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। এমনকি তাদের কারণ দর্শাতেও কখনও বলেনি বিইআরসি। জেএমআইয়ের অতিরিক্ত দরে এলপিজি বিক্রির বিষয়ে কথা বলার জন্য বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। এ বিষয়ে তার হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেও তিনি সাড়া দেননি। পরে কমিশনের সদস্য (গ্যাস) মিজানুর রহমানকে জেএমআইয়ের অতিরিক্ত দামে এলপিজি ঘটনাটি জানালে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন তিনি।

জানতে চাইলে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, মন্ত্রণালয়ে এলপিজির দাম নিয়ন্ত্রণ সংক্রান্ত বৈঠকে তারা বিষয়টি তুলেছেন। সরকারের ওপর মহল থেকে বলা হয়েছে, যারা আমদানি করে না তারা কী করবে? তারা দেশের অন্য আমদানিকারকদের কাছ থেকে কিনে বিক্রি করায় দাম বেড়ে যাচ্ছে। অর্থাৎ, সরকার তাদের বিষয়ে কঠোর না। আবার যারা জেএমআইয়ের সিলিন্ডার ব্যবহার করেন, তারা এই গ্যাস ছাড়া অন্যটি নিতেও পারেন না। তাহলে তাদের নতুন করে সিলিন্ডার কিনতে হয়।

অভিযোগ রয়েছে এলপিজির বড় আমদানিকারকদের অনেকে বিগত সরকারের সময় ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে অন্য খাতে খরচ করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় এদের ব্যবসা-বাণিজ্যে হস্তক্ষেপ করায় তারা নিজেদের গুটিয়ে নিয়েছে। এখন সরকার এলপিজির ঋণপত্র (এলসি) খোলার অনুমোদন দিলেও তারা নগদ অর্থে এলসি করতে পারছে না। এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য চেয়ে জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে প্রশ্ন পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

সর্বশেষ সর্বাধিক পঠিত