আগুনে নিঃস্ব মহাখালীর সাততলা বস্তির শতাধিক পরিবার

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন শতাধিক পরিবারের মানুষ। গতকাল বুধবার সকালে লাগা আগুনে পুড়ে গেছে তাদের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জমির দলিলসহ জীবনের শেষ সম্বল। কর্মস্থলে থাকা অনেক বাসিন্দা খবর পেয়ে ছুটে এসেও কিছুই রক্ষা করতে পারেননি।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, বস্তিটিতে নিম্ন আয়ের মানুষের বসবাস। আগুনে টিনের ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে শতাধিক পরিবার বসবাস করত। তার ধারণা, হাশমত কমান্ডারের বাড়ির দ্বিতীয় তলায় রান্নার কাজে ব্যবহৃত প্রেসার কুকার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত করেনি ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক অবৈধ সংযোগ ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা তারের কারণেও আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন বাসিন্দারা।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার সংবাদ পাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টায় আটটি ইউনিটের প্রচেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বস্তির বাসিন্দা ফাতেমা বেগম ও জহুরা বেগম জানান, সকালে হাশমত কমান্ডারের বাড়ির দোতলায় প্রথমে ধোঁয়া দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সবাই ঘর থেকে বেরিয়ে আসেন। আগুনে অনেকের সঞ্চয়ের টাকা, স্বর্ণালংকার ও জরুরি কাগজপত্র পুড়ে গেছে। বস্তির বাসিন্দা সাগর মিয়ার ১২টি ঘর পুড়ে ছাই হয়েছে। তিনি বলেন, ঘরে স্ত্রীর স্বর্ণালংকার, নগদ টাকা, জাতীয় পরিচয়পত্র ও জমির দলিল ছিল। ভাগিনার খতনা অনুষ্ঠানের জন্য জমানো টাকাও আগুনে পুড়ে গেছে। কিছুই উদ্ধার করতে পারেননি।

দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্র্নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছ থেকে আগামী দুই মাস বাড়িভাড়া না নিতে বাড়ির মালিকদের বলা হয়েছে। আগামী এক বছর তাদের বাড়ি ছাড়ার নোটিসও দেওয়া যাবে না। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া মালামাল সরিয়ে জায়গা পরিষ্কার করার পর দ্রুত ঘর নির্মাণের কাজ শুরু হবে।