প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘আকভান’ বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে এরই মধ্যে বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এটি উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এরই মধ্যে টেকনাফসহ কক্সবাজার ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।

গতকাল বুধবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির বিস্তার ঘটতে পারে। শনিবার দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে যেতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।