মানুষ ভোটমুখী হলেই বিশৃঙ্খলা কমে যাবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। মানুষ ভোটমুখী হলেই দেশে বিশৃঙ্খলা কমে যাবে।

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা নিশ্চিতে গতকাল বুধবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম, বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। দিনব্যাপী এই কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এনআইডি সেবা নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমাতে ইসি কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়ে সিইসি বলেন, এনআইডি সেবায় জিরো টলারেন্স দেখতে চায় সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।