পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মাসে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির হিসাবে, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ২০২৩ সালে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির বর্তমান সমমূল্য দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকা। তবে চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে একজন উপার্জনকারীর মাসিক মজুরি প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। আর মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬ : বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ হিসাব তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং সংস্থাটির গবেষণা প্রধান তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে নাজনীন আহমেদ বলেন, মজুরি নির্ধারণে তিনটি পৃথক দৃষ্টিকোণ থেকে হিসাব করা হয়েছে। এগুলো হলো মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়, দারিদ্র্যসীমার ওপরে থাকা এবং ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয়।
সিপিডির হিসাবে ২০২৩ সালের ডিসেম্বরে কার্যকরী হওয়া ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরিতে তখন যে পরিমাণ পণ্য ও সেবা কেনা সম্ভব ছিল, একই ক্রয়ক্ষমতা ধরে রাখতে ২০২৬ সালের অক্টোবরে প্রয়োজন ১৬ হাজার ৩৫১ টাকা। এ হিসাবের ক্ষেত্রে ২০২৩ সালের নভেম্বরের শহরাঞ্চলের ভোক্তা মূল্যসূচক ১১৮ দশমিক ৭৬ এবং ২০২৬ সালের অক্টোবরের সূচক ১৫৫ দশমিক ৩৫ বিবেচনায় নেওয়া হয়েছে। এতে মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮ শতাংশ।
দ্বিতীয় হিসাবে একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে প্রয়োজনীয় মজুরি নির্ধারণ করেছে সিপিডি। এ ক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপে নির্ধারিত শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা এবং পরবর্তী মূল্যস্ফীতি বিবেচনায় নেওয়া হয়েছে। সিপিডির হিসাবে, চার সদস্যের একটি পরিবারের বর্তমান উচ্চ দারিদ্র্যসীমা ২৯ হাজার ৩৫৩ টাকা। পরিবারে গড়ে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরে প্রত্যেকের মাসিক মজুরি প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা।
তৃতীয় হিসাবে একটি পরিবারের ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয় বিবেচনা করা হয়েছে। এতে খাদ্য, পোশাক, শিক্ষা, যাতায়াত, ব্যক্তিগত পরিচর্যা, যোগাযোগ, বাসস্থান, জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। সে অনুযায়ী চার সদস্যের একটি পরিবারের মাসিক খাদ্য ব্যয় ১৪ হাজার ১৫৪ টাকা, অন্যান্য প্রয়োজনীয় ব্যয় ১২ হাজার ২৬৭ টাকা এবং বাসাভাড়া ১০ হাজার টাকা। জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের জন্য আরও ১ হাজার ৮২১ টাকা ধরে পরিবারের মোট মাসিক ব্যয় দাঁড়ায় ৩৮ হাজার ২৪৩ টাকা। ১ দশমিক ৫৮ জন উপার্জনকারীর হিসাবে প্রত্যেকের মাসিক মজুরি প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা। নাজনীন আহমেদ বলেন, তিনটি হিসাবের মধ্যে মূল্যস্ফীতি সমন্বয়ে ১৬ হাজার ৩৫১ টাকা একটি ভিত্তি। তবে মূল আলোচনা হওয়া উচিত ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ্য হওয়া উচিত শ্রমিকদের জীবন ধারণের উপযোগী মজুরির দিকে নিয়ে যাওয়া। অর্থাৎ এমন একটি মজুরি নিশ্চিত করা, যাতে শ্রমিকরা পুষ্টিমান বজায় রেখে মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। মজুরি নির্ধারণের ক্ষেত্রে বৃহত্তর লক্ষ্যটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ব্যবসা ও রাজনৈতিক অঙ্গনের দুর্নীতি এবং সুশাসনের ঘাটতির দায় শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে মেটানো যাবে না। উদ্যোক্তাদের নানা সমস্যা থাকতে পারে, অর্থনীতিতেও নিম্নচাপ চলছে। কিন্তু দুর্নীতি ও অব্যবস্থাপনার ভর্তুকি শ্রমিকদের দিতে হবে এমন কোনো ন্যায্যতা নেই।
তিনি বলেন, বাংলাদেশের শিল্প ও রপ্তানি খাত একটি নির্দিষ্ট শিল্পের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। দেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ একটি খাত, অর্থাৎ তৈরি পোশাকশিল্প থেকে আসে। উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে অর্থনীতির বহুমুখীকরণের প্রতিশ্রুতি দিয়েছে। তাই শুধু পোশাকশিল্পের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে।
মজুরি নির্ধারণে সরকারের ভূমিকা প্রসঙ্গে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিষয়টি শুধু শ্রমিক ও মালিকের মধ্যকার দর-কষাকষির বিষয় নয়। শেষ পর্যন্ত জবাবদিহির দায়িত্ব সরকারের। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে এবং সেই অগ্রগতি নিয়মিতভাবে জনগণকে জানাতে হবে।
অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, মজুরি নির্ধারণে দারিদ্র্যসীমার বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি। একজন শ্রমিক কাজ করার পরও তার পরিবার দারিদ্র্যসীমার ওপরে থাকতে পারবে না এমন মজুরি গ্রহণযোগ্য হতে পারে না। আর জীবনধারণযোগ্য মজুরি বলতে শ্রমিকরা বেঁচে থাকার মতো মজুরিকেই বোঝেন। তাই এ ক্ষেত্রে সরকারের ভূমিকা থাকা প্রয়োজন। পরিবার কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে শ্রমিকদের অন্তর্ভুক্ত করার সুযোগ আছে কি না, সেটিও বিবেচনা করা যেতে পারে।
মজুরি নির্ধারণের দায়িত্ব শুধু উদ্যোক্তা ও শ্রমিকদের মধ্যে ছেড়ে দেওয়া সরকারের উচিত নয় উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, গত ২০ থেকে ২৫ বছরে দেশে আয়, ভোগ ও সম্পদের বৈষম্য বেড়েছে। ২০০০ সাল থেকে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) মজুরির অংশও ক্রমাগত কমছে। এমন পরিস্থিতিতে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে মজুরি নির্ধারণের বিষয়টি বৃহত্তর অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে সরকারের বড় দায়িত্ব রয়েছে। মালিক ও শ্রমিকের মধ্যে দর-কষাকষির ওপর বিষয়টি ছেড়ে দিলে চলবে না।