বিয়েতে রাজি না হওয়ায় নূপুরের ওপর নৃশংসতা

রাজধানীর মিরপুরের রূপনগরে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কোপানো হলো পোশাকশ্রমিক নূপুর আক্তারকে (২৬)। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রায়হান নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকে হামলার ঘটনা বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। জানা যায়, অভিযুক্ত রায়হানের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে এ হামলা চালানো হয়।

গতকাল বুধবার দুপুর সোয়া ১টার দিকে মিরপুরের রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়ী ৫ নম্বর সড়কে এ নৃশংস ঘটনা ঘটে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের খাবারের বিরতিতে কারখানা থেকে বাসার উদ্দেশে কয়েকজন সহকর্মীর সঙ্গে হেঁটে যাচ্ছিলেন নূপুর। পথিমধ্যে পেছন দিক থেকে এসে ওই যুবক তার ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। প্রাণ বাঁচাতে হাত দিয়ে আঘাত প্রতিহত করার ব্যর্থ চেষ্টা করেন।

একপর্যায়ে সড়কে পড়ে গেলেও হামলাকারী থামেননি। উপর্যুপরি আঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা গুরুতর। নূপুর ভোলার লালমোহন উপজেলার মোখলেছুর রহমানের মেয়ে। জীবিকার প্রয়োজনে রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি একটি পোশাক কারখানায় অপারেটর পদে কাজ করছেন।

ঘটনার পর হামলার দৃশ্য ধারণ করা একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, কয়েকজন নারী শ্রমিক পাশাপাশি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে কালো টি-শার্ট পরা এক যুবক এসে নূপুরের ওপর আক্রমণ চালান। তিনি মাটিতে পড়ে যাওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি বারবার আঘাত করতে থাকেন। সহকর্মীরা আতঙ্কে নিরাপদ দূরত্বে সরে যান। আশপাশের কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতির কারণে সামনে এগোতে পারেননি।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, নূপুরকে কোপানোর ঘটনায় রায়হান নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে দুজনের মধ্যকার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি সামনে এসেছে। তাদের মোবাইলফোন পরীক্ষা করে কথোপকথন ও বার্তা আদান-প্রদানের তথ্যও পাওয়া গেছে। সম্পর্কের অবনতি কিংবা মনোমালিন্যের জেরেই এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, নূপুরের ফুফাতো ভাই আবদুল মান্নান জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর তার বিয়ের দিন নির্ধারিত ছিল। বিয়ের আয়োজন ঘিরে পারিবারিক প্রস্তুতিও চলছিল। এই পরিস্থিতিতে তার ওপর এমন হামলার ঘটনায় স্বজনরা উদ্বিগ্ন ও শোকাহত। রূপনগর থানার ওসি এবি সিদ্দিক দেশ রূপান্তরকে বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ এবং এর পেছনের বিস্তারিত বিষয় তদন্তের কাজ চলছে।