গণভোটের রায় মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত

গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলে বিরোধী দল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকার ও বিরোধী দল সংসদীয় প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করতে পারবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

গণভোটের রায় মেনে নেওয়ার বিষয়টিকে সরকারের সঙ্গে সহযোগিতার আনুষ্ঠানিক শর্ত হিসেবে দেখছেন না বলে স্পষ্ট করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বা সরকারি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জামায়াতের কাছে সহযোগিতার কোনো প্রস্তাব আসেনি। সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য প্রচার হলেও সেগুলোকে আনুষ্ঠানিক প্রস্তাব হিসেবে বিবেচনা করা যায় না।

গতকাল বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে বেলা ১১টায় দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত জানতে এ সংবাদ সম্মেলন ডাকে জামায়াত।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে জনগণের দেওয়া রায়কে অগ্রাহ্য করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতায় দেশ পরিচালনার দিকে এগোচ্ছে বলে মনে করে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। ফলে দেশে রাজনৈতিক সংকট ও অস্থিরতা তৈরি হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, জুলাই জাতীয় সনদ নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল। রাজনৈতিক দলগুলো সেই সনদে স্বাক্ষরও করেছিল। পরবর্তী সময়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সনদের পক্ষে রায় দিয়েছে। কিন্তু ক্ষমতাসীন দল গণরায়কে উপেক্ষা করছে। সরকারের এমন অবস্থানের কারণে জনগণের আস্থা নষ্ট হয়েছে বলে মনে করে জামায়াত।

তিনি বলেন, একটি সনদে সম্মত হওয়ার পর ক্ষমতায় গিয়ে তা অস্বীকার করা রাজনৈতিক দ্বিচারিতা। সরকার গণভোটের রায়কে মেনে নিলে বর্তমান রাজনৈতিক সংকটের অনেকাংশে নিরসন সম্ভব। এতে সরকারের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে এবং দেশের অন্যান্য সংকট মোকাবিলার পথও সহজ হবে।

গোলাম পরওয়ার বলেন, সংসদে প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যে জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে সৃষ্ট সংকট সমাধানের বিষয়ে একটি স্পষ্ট বার্তা আশা করছে দেশবাসী।

এর আগে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য।