বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : পথচারী নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ববিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ভিডিও ধারণ করার সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন পথচারী ইউসুফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত মঙ্গলবার রাতে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ কুমিল্লার শাহরাস্তি থানার মফিজুলের ছেলে এবং পেশায় একটি ডাইং কারখানার গাড়িচালক ছিলেন।

জানা যায়, ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানের সঙ্গে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলার হাজিরা দিয়ে ফেরার পথে দুই পক্ষের মারামারিতে জুয়েল আরমান আহত হন। এর জের ধরে রাতে জুয়েলের অনুসারীরা দেলোয়ারের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে ইউসুফ হামলার দৃশ্য ভিডিও করতে গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।