প্রধানমন্ত্রী আসছেন আজ

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা চায় লালমনিরহাটবাসী

প্রায় ২২ বছর পর লালমনিরহাটে আসছেন তারেক রহমান; তবে এবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে। আজ বৃহস্পতিবার তার এ সফরকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। বিএনপির নেতাকর্মীদের মাঝে যেমন ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে, তেমনি সাধারণ মানুষের প্রত্যাশার পারদও উঠেছে তুঙ্গে। জেলাবাসীর প্রধান দাবিÑ দীর্ঘদিনের ‘দুঃখ’ তিস্তা নদী রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা। পাশাপাশি রয়েছে চার লেন মহাসড়ক, বুড়িমারী থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন এবং বিমানবন্দর ও স্থলবন্দর চালুর দাবি।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর সদর উপজেলার মন্ডলেরহাটে ‘মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল’ উদ্বোধন ও মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন। সবশেষে শহরের কালেক্টরেট মাঠে মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিয়েবিরোধী সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, দেশের আট জেলার ৩০টি খাল পুনঃখনন প্রকল্পের অংশ হিসেবে লালমনিরহাট থেকেই মডেল খালের যাত্রা শুরু হচ্ছে এবং ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচিকে মডেল হিসেবে সারা দেশে ছড়িয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী।

স্থানীয়দের মতে, অতীতে বিভিন্ন সরকারের আমলে নানা প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কিছুই হয়নি। তবে গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীকে ঘিরে এবার নতুন করে আশার আলো দেখছেন তিস্তা-ধরলা পাড়ের মানুষ।

বর্ষায় তিস্তার ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হওয়া আর শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহারে সেচ সংকট এই দুই বিপর্যয়ে জর্জরিত লালমনিরহাটের মানুষ। গত বছরের ফেব্রুয়ারিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

হাতীবান্ধার পাটিকাপাড়ার বাসিন্দা আবুল কালাম বলেন, ‘বন্যায় ফসল, বাড়িঘর সব ভেসে যায়, আবার চাষের সময় নদীতে পানি থাকে না। বাঁধ আর খনন হলে আমাদের এই দুর্দশা থাকত না।’

‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের’ সাধারণ সম্পাদক সফিয়ার রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনে আমরা খুশি। তিনি কবে একনেকে পাসের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবেন, সেই চূড়ান্ত রূপরেখা ঘোষণা করবেন বলে আমরা আশাবাদী।’

ভারত ও ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানির একমাত্র পথ প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ বড়বাড়ি-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক। ট্রাকচালক আবু কালাম ও রহমান আলী সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন।