দুমকিতে চার দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

পটুয়াখালীর দুমকিতে অপহরণের অভিযোগের চার দিন পেরিয়ে গেলেও ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পুলিশের উদ্ধার তৎপরতায় গড়িমসির অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

অন্যদিকে অভিযুক্ত যুবক হৃদয় চন্দ্র দাস ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে রয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয় ও ওই ছাত্রীর বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে।

নিখোঁজ স্কুলছাত্রীর নাম রূপা রানী দাস (১৬)। সে দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় তার বাবা সুবল চন্দ্র দাস (৫৫) হৃদয় চন্দ্র দাস (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে দুমকি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, হৃদয় দীর্ঘদিন ধরে রূপাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করার পাশাপাশি বিয়ের জন্য চাপ দিতেন। বিষয়টি জানতে পেরে রূপার বাবা হৃদয়কে নিষেধ করলে তিনি পরিবারকে হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গত ১৫ নভেম্বর দুপুর ১টার দিকে স্কুল ছুটির পর প্রাইভেট পড়া শেষে বান্ধবী সুমাইয়ার বাসায় যাচ্ছিল রূপা। পথে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের আনন্দ বাজারের উত্তর পাশে পৌঁছালে হৃদয় পূর্বপরিকল্পিতভাবে তাকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে যান বলে অভিযোগ করেছেন তার বাবা।

পরে অভিযুক্তের বোনের স্বামীর বাড়ি থেকে বিপ্লব (৩০) নামের এক ব্যক্তি ফোন করে সুবল চন্দ্র দাসকে জানান, হৃদয় তার মেয়েকে নিয়ে গেছেন। ওই দিন সন্ধ্যায় তিনি দুমকি থানায় লিখিত অভিযোগ করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয় ও রূপার বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে হৃদয়কে রূপার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে দেখা যায়। তবে তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পরপরই থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত হৃদয় উপজেলার পূর্ব ঝাটরা গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।