রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি ১০তলা আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
দগ্ধ পাঁচজনকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টা ৩১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হন। পরে তাদের স্থানীয়ভাবে হাসপাতালে পাঠানো হয়।
দগ্ধরা হলেন- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তার স্ত্রী ইফতি সাবা (২৫) ও এক বছর বয়সি ছেলে শিশু আরিস রহমান মাহাদ। বাকি দুজন হলেন, পাশের রুমের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তার মা শামসুন্নাহার বেগম (৫২)।
দগ্ধ মানিক জানান, ৪র্থ তলায় একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাবলেট থাকেন। সকালে বাসার ভিতর বিস্ফোরণের শব্দে তার ঘুম ভাঙ্গে। সঙ্গে সঙ্গে তার শরীরে আগুন ধরে যায়। পাশে শুয়ে থাকা শিশুটিও ঝলসে যায়। তখন বাচ্চাকে নিয়ে দৌড়ো রুম থেকো বাইরে বের হন। একে একে ঝলসানো শরীর নিয়ে বের হন তার স্ত্রী ও পাশের রুমের মা মেয়ে।
তিনি জানান, বাসাটিতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে রান্না করেন তারা। তবে সিলিন্ডার বাড়িটির নিচে রাখা। তার ধারণা, রাতে কেউ গ্যাসের চুলাটি চালু করে রেখছিল বা লিক ছিল। সেখান থেকেই সারারাত গ্যাস বের হয়েছে। সকালে তার স্ত্রী রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, শিশুটির শরীরের ৫৭ শতাংশ, তার মা সাবার শতভাগ, বাবা মানিকের ৬ শতাংশ, সানজিদার ৩৭ ও তার মা সামসুন্নাহারের ৪০ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে মানিক, সানজিদা ও শামসুন্নাহারের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটনহ ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তার আগেই আগুন নিভে গেছে। আর প্রতিবেশীরাই দগ্ধদেরকে হাসপাতালে নিয়ে গেছেন। বিস্ফোরণটি বিকট ছিল। বিস্ফোরণের শব্দে দরজা জানলা ভেঙে গেছে। লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।