ব্যানক্রফটের অভিযোগে কামিন্সের জবাব, ‘নতুন করে কিছু বলার নেই’

ক্যামেরন ব্যানক্রফটের বিস্ফোরক দাবির পরও নিজের অবস্থান থেকে একচুলও নড়ছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ২০১৮ সালের কেপটাউন ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারিতে পুরো দল জড়িত ছিল বলে ব্যানক্রফট যে দাবি তুলেছেন, তার জবাবে কামিন্সের শিবির স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন করে বলার বা উত্তর দেওয়ার মতো কিছুই আর অবশিষ্ট নেই। 

গত শুক্রবার নিজের দীর্ঘ সংবাদ সম্মেলনেই সব প্রশ্নের জবাব কামিন্স আগেই দিয়ে রেখেছেন এবং আট বছর ধরে একই অবস্থানে অনড় আছেন বলে দাবি তার। একইসঙ্গে কেপটাউনের সেই দুঃসময় কাটিয়ে গত আট বছরে দলকে পুনর্গঠন করার কাজটিই তিনি নিষ্ঠার সঙ্গে করে গেছেন বলে পাল্টা বার্তা দিয়েছেন কামিন্স।

কামিন্সের এই পাল্টা অবস্থানের প্রেক্ষাপট তৈরি হয় উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর এবং কামিন্সের ৭০ মিনিটের সেই আলোচিত সংবাদ সম্মেলনকে ঘিরে। খাজার বইয়ের তথ্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলায় ক্ষুব্ধ হয়ে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ দীর্ঘ নীরবতা ভাঙেন ব্যানক্রফট। নিজের লেখায় কামিন্সের সংবাদ সম্মেলনকে দায়ী করে ব্যানক্রফট বলেন, ‘এই লেখাটি লেখার পেছনে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট অধিনায়ক প্যাট কামিন্সের সংবাদ সম্মেলন। এটি আমাকে প্রচণ্ড ক্ষুব্ধ, প্রতারিত এবং একা করে দিয়েছিল। দক্ষিণ আফ্রিকার সেই সফরে আমি, তিনি এবং দলের বাকিরা যা দেখেছি, অভিজ্ঞতা অর্জন করেছি ও যার মধ্য দিয়ে গিয়েছি, তা তাঁর সংবাদ সম্মেলন কিংবা বিগত বছরগুলোতে দেওয়া বক্তব্যের সঙ্গে মেলে না। উসমান যা উল্লেখ করেছেন, তার বাইরেও আমার কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে যা তাঁর কথাকেই সত্য প্রমাণ করে।’ 

ব্যানক্রফটের এই অভিযোগকে অবশ্য নতুন কোনো তথ্য হিসেবে মানতে নারাজ কামিন্স। নিজের ম্যানেজার নীল ম্যাক্সওয়েলের মাধ্যমে ‘কোড স্পোর্টস’-কে দেওয়া এক বিবৃতিতে কামিন্স জানান, ক্যামেরনের প্রতি সহানুভূতি থাকলেও তাঁর বক্তব্যে এমন কিছু নেই যার উত্তর আগেই দেওয়া হয়নি। 

কামিন্সের পক্ষে তাঁর ম্যানেজার নীল ম্যাক্সওয়েল বলেন, ‘ক্যামেরনের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি আছে এবং সে যা কিছুর মধ্য দিয়ে গেছে তা আমরা বুঝি; কিন্তু তার বিবৃতিতে এমন কিছুই নেই যার উত্তর প্যাট তার সংবাদ সম্মেলনে দেয়নি। আট বছরে প্যাটের অবস্থান একটুও বদলায়নি। প্রথম দিন থেকেই সে তার কথায় অটল এবং ধারাবাহিক। আমরা সবাইকে আবারও প্যাটের সাক্ষাৎকারের পূর্ণ বিবরণ পড়ার অনুরোধ জানাই। এমন কিছুই নেই যার উত্তর সে দেয়নি। কেপটাউনের সেই ২৪ বছর বয়সী তরুণ দলটিকে গুছিয়ে নেওয়ার সংকল্প করেছিল এবং আট বছর ধরে সেই কাজটিই করেছে।’ 

অন্যদিকে, ব্যানক্রফটের দাবিতে দক্ষিণ আফ্রিকা সফরের বোলিং আক্রমণ ও কোচিং স্টাফের ভূমিকা নিয়েও বড় প্রশ্ন উঠেছে। ব্যানক্রফটের দাবি, ক্যামেরায় ধরা পড়ার আগের সন্ধ্যাতেই দলের সামনে শিরিষ কাগজ (স্যান্ডপেপার) ব্যবহারের বিষয়টি স্বীকৃত হয়েছিল। রিভার্স সুইং নিয়ে কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, নাথান লায়ন ও মিচেল মার্শের পাশাপাশি উইকেটরক্ষক টিম পেইনের সঙ্গে নিয়মিত আলোচনা হতো বলেও দাবি করেন তিনি। এমনকি বোলাররাই বলের সুইং নিয়ে মন্তব্য করতেন এবং তৎকালীন বোলিং কোচ ডেভিড স্যাকার তাঁকে উৎসাহ দিতেন বলে জানান ব্যানক্রফট। পুরো সফরে একমাত্র মিডিয়া ম্যানেজার কেট হাচিসন এই ঘটনার বিরোধিতা করেছিলেন।

তৎকালীন প্রধান কোচ ড্যারেন লেহম্যানও পুরো বিষয়টি জানতেন বলে দাবি করেছেন ব্যানক্রফট। তাঁর ভাষ্য অনুযায়ী, বড় পর্দায় ধরা পড়ার পর ওয়াকিটকিতে দ্বাদশ খেলোয়াড় পিটার হ্যান্ডসকম্বকে লেহম্যান নির্দেশ দিয়েছিলেন ব্যানক্রফটের কাছ থেকে শিরিষ কাগজ সরিয়ে নিতে।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ান গণমাধ্যম এবিসি রেডিওতে ধারাভাষ্য দেওয়ার সময় প্রতিক্রিয়া জানান সাবেক কোচ ড্যারেন লেহম্যান। মিডিয়া সেন্টার ছাড়ার আগে লেহম্যান বলেন, ‘অভিযোগগুলো... আমাকে একটু স্থির হয়ে বসতে হবে। এটি মাত্রই সামনে এসেছে। তাই আমাকে সবকিছু ভালোভাবে পড়তে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে এবং প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে তারপর যথাযথ জবাব দিতে হবে। তাড়াহুড়ো করার কোনো মানে হয় না।’

এদিকে, পুরো বিতর্কের মধ্যেই গতকাল বুধবার জরুরি সংবাদ সম্মেলনে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ ঘোষণা দিয়েছেন, ২০১৮ সালের কেপটাউন ঘটনার অভিজ্ঞতা খেলোয়াড়দের মুখ থেকে শুনতে একটি ‘স্বাধীন ফোরাম’ গঠন করা হবে। ব্যানক্রফটও জানিয়েছেন, দর্শকদের পূর্ণ সত্য জানার স্বার্থেই তিনি সেই ফোরামে অংশ নেবেন।