দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ‘জিটিএ ৬’

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘গ্র্যান্ড থেফট অটো’র (জিটিএ) নতুন সংস্করণ ‘গ্র্যান্ড থেফট অটো ৬’। মুক্তির পরপরই গেমটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গেমার ও সমালোচকেরা। অনেকেই একে ‘মাস্টারপিস’, ‘অসাধারণ’ এবং ‘আমেরিকার এক বিস্ময়কর মহাকাব্য’ বলে অভিহিত করেছেন। খবর আল জাজিরা। 

গেমিং ইতিহাসের অন্যতম প্রতীক্ষিত এই গেমটি বৃহস্পতিবার থেকে বিশ্বজুড়ে গেমারদের জন্য উন্মুক্ত করা হয়। মুক্তির পরপরই বিভিন্ন গেমিং পর্যালোচনায় ব্যাপক প্রশংসা পেতে শুরু করে ওপেন-ওয়ার্ল্ড ঘরানার গেমটি।

রিভিউ সংগ্রহকারী ওয়েবসাইট মেটাক্রিটিকে ১০০-এর মধ্যে ৯৯ স্কোর পেয়েছে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’। ১৫০টির বেশি পর্যালোচনার ভিত্তিতে এই স্কোর নির্ধারণ করা হয়েছে।

গেমিং ওয়েবসাইট আইজিএনের সমালোচক লুক রেইলি তাঁর পর্যালোচনায় লিখেছেন, অসাধারণ সূক্ষ্মতায় তৈরি, নিরীক্ষা ও নতুন কিছু করার অফুরন্ত সুযোগসমৃদ্ধ এবং নিখুঁতভাবে নির্মিত ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ তাঁর খেলা সবচেয়ে চমকপ্রদ ভিডিও গেম।

অন্যদিকে পিসিম্যাগের পর্যালোচক জর্ডান মাইনর লিখেছেন, গেমটি যে বাস্তব নয়, সেটি মেনে নেওয়ার পরও এর জগৎ কতটা বাস্তবসম্মত, তা বিস্ময় আরও বাড়িয়ে দেয়।

গেমটির গল্প আবর্তিত হয়েছে জেসন ডুভাল ও লুসিয়া ক্যামিনোসকে ঘিরে। অপরাধজগতের এই জুটি অনেকটা কুখ্যাত অপরাধী যুগল বনি ও ক্লাইডের আদলে তৈরি। একটি সহজ অপরাধমূলক পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তারা জড়িয়ে পড়ে এক জটিল অপরাধী ষড়যন্ত্রে।

গেমাররা লিওনিডা নামের কাল্পনিক অঙ্গরাজ্যের বিশাল উন্মুক্ত জগৎ ঘুরে দেখার সুযোগ পাবেন। সেখানে রয়েছে উপকূলীয় মহানগরী ভাইস সিটি, যা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য ও মায়ামি শহরের আদলে তৈরি।

সিরিজের আগের সংস্করণগুলোর মতো নতুন গেমটিতেও অপরাধ ও সহিংসতার স্পষ্ট চিত্রায়ণ রয়েছে। গেমাররা চুরি করা গাড়ি দিয়ে পথচারীদের চাপা দিতে পারবেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধেও অংশ নিতে পারবেন।

নিউইয়র্কভিত্তিক গেম নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস গেমটি তৈরি করেছে। এর নির্মাণ ব্যয় এক বিলিয়ন ডলারেরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

২০১৩ সালে ‘গ্র্যান্ড থেফট অটো ৫’ মুক্তির পর এটিই সিরিজটির প্রথম নতুন সংস্করণ। শুরুতে ২০২৫ সালে গেমটি বাজারে আসার কথা থাকলেও নির্মাণকাজ আরও নিখুঁত করতে দুই দফায় মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়।

প্লেস্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ কনসোলে খেলার উপযোগী ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ গেমিং শিল্পের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা গেমে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে বিশ্বজুড়ে বছরে প্রায় ৩৫০ বিলিয়ন ডলারের গেমিং শিল্পের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হতে যাচ্ছে এটি।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, ১৭ নভেম্বর পর্যন্ত গেমটির প্রি-অর্ডারের সংখ্যা আনুমানিক ১ কোটি ৫৮ লাখ ছাড়িয়ে গেছে। এতে আয় হয়েছে প্রায় ১৫৪ কোটি ডলার।