কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির কোনো প্রভাব পড়েনি রাজধানীর মতিঝিলের ব্যাংকপাড়ায়। অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে চলছে ব্যাংকিং কার্যক্রম। কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি গ্রাহকদের উপস্থিতিও ছিল স্বাভাবিক। তবে বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে ব্যাংকার ও গ্রাহকদের।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মতিঝিলের ব্যাংকপাড়া ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সকাল থেকেই বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা যায়। নির্ধারিত সময় অফিসে যোগ দেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে টাকা জমা, উত্তোলনসহ প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিতে ব্যাংকে আসেন গ্রাহকরা। নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে এসব লেনদেন।
ব্যাংকপাড়ার সড়কগুলোতেও যানবাহন ও মানুষের চলাচল ছিল স্বাভাবিক। লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কোথাও বড় ধরনের অস্থিরতা কিংবা ব্যাংকিং কার্যক্রমে কোনো বিঘ্ন দেখা যায়নি।
তবে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাংকপাড়ায় সতর্ক অবস্থানে ছিলেন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক শাহ জাহান, সিনিয়র সহসভাপতি ইদ্রিস মিয়া, সহসভাপতি কামরুজ্জামান ইমরান, জনতা ব্যাংকের সভাপতি এস এফ এম মনির হোসেন এবং সিনিয়র সহসভাপতি শওকত আহমেদ।
এদিকে রাজধানীর শাহবাগ, পল্টন, দৈনিক বাংলা মোড় ও মতিঝিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। সাম্প্রতিক নাশকতার ঘটনায় কিছুটা উদ্বেগ থাকলেও এর কোনো প্রভাব পড়েনি ব্যাংকপাড়ায়। স্বাভাবিক নিয়মেই চলেছে দেশের আর্থিক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ এই কেন্দ্রের কার্যক্রম।