বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। ইউক্রেন যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), পারমাণবিক অস্ত্র ও আন্তর্জাতিক নিরাপত্তাসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। খবর রয়টার্সের।
বৈঠকের শুরুতে পুতিন বলেন, গঠনমূলক সহযোগিতার মাধ্যমে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, আঞ্চলিক সংঘাত নিরসনের ক্ষেত্রে তিন দেশের অনেক অভিন্ন স্বার্থ রয়েছে। এর মধ্যে ইউক্রেন সংঘাতও রয়েছে।
পুতিন আরও বলেন, তিন দেশের মধ্যে গঠনমূলক অংশীদারত্ব ও সহযোগিতা বজায় থাকলে বিশ্ব নিরাপত্তা এবং স্থিতিশীলতা শক্তিশালী করতে তারা অর্থবহ অবদান রাখতে পারবেন।
বৈঠকের শুরুতে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেন, ‘আমরা সত্যিই ইতিহাস তৈরি করছি। আমাদের তিনজনের আলোচনার অনেক বিষয় রয়েছে।’
বিশ্বজুড়ে আলোচিত প্রায় সব গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, অতীতে অনেক সময় নেতারা মতপার্থক্য থাকা অন্য দেশের নেতাদের সঙ্গে আলোচনায় বসতে এড়িয়ে গেছেন। তবে আলোচনা থেকে সরে থেকে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায়নি।
অন্যদিকে, বৈঠকের সূচনা করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, ‘ইতিহাস আমাদের শিক্ষা দেয়, বড় শক্তিগুলো যখন সম্প্রীতির সঙ্গে সহাবস্থান করে, তখন বিশ্বে শান্তি বজায় থাকে। আর যখন বড় শক্তিগুলোর মধ্যে সংঘাত তৈরি হয়, তখন বিশ্ব অস্থিরতায় নিমজ্জিত হয়।’
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিন নেতার এই বৈঠকে সভাপতিত্ব করছেন শি জিনপিং।
এর আগে ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের একটি দ্বিপক্ষীয় বৈঠক হয়। এ ছাড়া পুতিনের সঙ্গেও আকস্মিকভাবে সংক্ষিপ্ত আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট।
ত্রিপক্ষীয় বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্যসূচি এখনো স্পষ্ট নয়। তবে ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ, আন্তর্জাতিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পারমাণবিক অস্ত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছিলেন, তিন নেতার আসন্ন আলোচনায় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের বিষয়টিও তিনি উত্থাপন করবেন।