হামের উপসর্গে এক দিনে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৩০

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৩০ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৫ জন। আর পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯৫ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জনে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৮৮১ জন।

এদিকে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩১ জনে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।