‘আগুন সন্ত্রাস’ মোকাবিলায় চব্বিশের মতো প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

‘আগুন সন্ত্রাস’ মোকাবিলায় ২০২৪ সালের আন্দোলনের মতো আবারও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পলাতক অবস্থায় থেকেও একটি গোষ্ঠী দেশে অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি শুরু করেছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, গত কয়েক দিন ধরে দেখা যাচ্ছে, পলাতক থেকেও তারা আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে। মানুষকে পুড়িয়ে মারা এবং পেছন থেকে হামলা করে হত্যার রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘আসুন, সকলে মিলে সেই সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার জন্য নিজেদের আবারও চব্বিশের মতো প্রস্তুত করি। এই প্রস্তুতির আহ্বান আজকে রাখছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি গোষ্ঠী ও মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীই জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশ শাসন করেছে।

তারেক রহমান বলেন, তারা যে দেশে পালিয়ে গেছে, সীমান্তের ওপারে অবস্থান করে সেই প্রভুদের খুশি করার জন্য আবার বাংলাদেশের মানুষ ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

জনগণের উদ্দেশে তারেক রহমান বলেন, মানুষ কি আবার গুম-খুনের রাজনীতি এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার সুযোগ দিতে চায়? তা না চাইলে ২০২৪ সালের মতো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণের একটাই জবাব হওয়া উচিত—যথেষ্ট হয়েছে। মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না; তারা চায় উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের রাজনীতি।
 

মহেন্দ্রনগর খাল পুনঃখননের সুফল তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খালটি পুনঃখননের পর তিস্তা নদীর সঙ্গে যুক্ত হবে। এতে লালমনিরহাটসহ আশপাশের এলাকার কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন। খালের বিভিন্ন অংশ তরুণদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। সেখানে মাছ চাষ ও হাঁস পালনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আগামী মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে জানিয়ে তিনি বলেন, প্রথম পর্যায়ে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারের নারীরা এ কার্ড পাবেন। এর মাধ্যমে প্রত্যেক নারী মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। কৃষকদের কৃষক কার্ড দেওয়ার পাশাপাশি ইমাম ও ধর্মগুরুদের সম্মানী দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। এ বছর ২ লাখ ৫৬ হাজার ইমাম ও ধর্মগুরুর কাছে সম্মানী পৌঁছে দেওয়া হবে।

প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বইয়ের পাশাপাশি স্কুলড্রেস দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি করবে সরকার।

তারেক রহমান বলেন, খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নেওয়া হবে। এতে কলকারখানার কার্যক্রম বাড়বে এবং লালমনিরহাটে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।