আদিতমারীতে কার্ডে সার বিতরণ, কৃষকদের স্বস্তি

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৯ এএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কার্ডের মাধ্যমে সুশৃঙ্খল ও স্বচ্ছ প্রক্রিয়ায় রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হওয়ায় কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তি ও দুশ্চিন্তা দূর হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নে গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রমে প্রকৃত কৃষকদের মাঝে সহজে ও নির্দিষ্ট পরিমাণ সার পৌঁছানো নিশ্চিত হওয়ায় স্থানীয় কৃষকমহলে স্বস্তি ফিরেছে।

​আদিতমারী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকদের মাঝে সরকারি বরাদ্দকৃত সার সুষম বণ্টন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সিন্ডিকেট বা অনিয়ম রোধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আদিতমারী উপজেলায় মোট ৩৯ হাজার ১৪৩ জন নিবন্ধিত কৃষক রয়েছেন। এর মধ্যে ইতোমধ্যে ৩৫ হাজার কৃষকের মাঝে ‘সার কার্ড’ বিতরণ সম্পন্ন হয়েছে। বাকি কৃষকদের হাতেও কার্ড পৌঁছে দেওয়ার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

​সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সার কার্ড চালুর পর থেকে ডিলারদের দোকানগুলোতে সারের জন্য আগের মতো দীর্ঘ লাইন বা বিশৃঙ্খলা হচ্ছে না। কার্ড প্রদর্শনের মাধ্যমেই নির্ধারিত কোটায় সার সংগ্রহ করতে পারছেন কৃষকরা।

​উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট গ্রামের কৃষক মো. আজগার আলী বলেন, “আগে সার তোলার সময় নানা ঝামেলা পোহাতে হতো। এখন সার কার্ড থাকায় খুব সহজভাবে নির্দিষ্ট পরিমাণ সার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।”

​একই এলাকার পূর্ব শালমারা গ্রামের কৃষক সুশীল চন্দ্র রায় সন্তোষ প্রকাশ করে বলেন, “আগে সার সংগ্রহ করতে গিয়ে অনেক সময় নানা ভোগান্তির শিকার হতে হতো। এখন সার কার্ডের মাধ্যমে সহজেই নির্ধারিত পরিমাণ সার পাওয়া যাচ্ছে। এতে সার সংগ্রহে হয়রানি কমেছে এবং সারের প্রাপ্যতা নিয়ে আমাদের দুশ্চিন্তাও অনেকটা দূর হয়েছে। কৃষি বিভাগের এ উদ্যোগে আমরা কৃষকরা অনেক উপকৃত হচ্ছি।”

​সার বিতরণের দায়িত্বে থাকা ডিলাররাও এই ব্যবস্থার প্রশংসা করছেন। কমলাবাড়ি চন্দনপাটের বিএডিসি ডিলার মেসার্স সজীব ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. বাচ্চু মিয়া বলেন, “সার কার্ডের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম পরিচালনা করায় কৃষকদের মাঝে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সার সরবরাহ করা সম্ভব হচ্ছে। এর ফলে প্রকৃত কৃষক সহজেই শনাক্ত করা যাচ্ছে এবং সারের সঠিক হিসাব সংরক্ষণ ও সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা আমাদের জন্যও সহজ হয়েছে।”

​সার কার্ডের সার্বিক লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে আদিতমারী উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল জব্বার বলেন, “আদিতমারী উপজেলায় সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। কৃষকদের কাছে সরকারি বরাদ্দকৃত সার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই সার কার্ডের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে প্রকৃত কৃষকের প্রাপ্যতা শতভাগ নিশ্চিত এবং অনিয়ম পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।”

​তিনি আরও যোগ করেন, “কৃষকবান্ধব এই উদ্যোগের ফলে আমাদের সামগ্রিক কৃষি উৎপাদন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। এই পুরো কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সর্বদা মাঠে উপস্থিত থেকে তদারকি করছেন। পাশাপাশি উপজেলা কৃষি অফিস থেকেও নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।”

​সংশ্লিষ্টরা মনে করছেন, আদিতমারী উপজেলার মতো যদি দেশের অন্যান্য অঞ্চলেও এমন প্রযুক্তিনির্ভর ও সুশৃঙ্খল বিতরণ ব্যবস্থা জোরদার করা যায়, তবে সার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসার পাশাপাশি প্রান্তিক কৃষকরা প্রকৃত অর্থে সরকারের প্রণোদনা ও সুবিধার সুফল ভোগ করতে পারবেন।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত