কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪০০-এর বেশি লগি-বৈঠা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ধুলদিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব লগি-বৈঠা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ধুলদিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি সরে পড়েন। পরে আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ লগি-বৈঠার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ৪০০-এর বেশি লগি-বৈঠা উদ্ধারসহ জসিম উদ্দিনকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনায় একটি চক্র এসব সরঞ্জাম গোপনে মজুত করেছিল। তবে এর পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এসব সংগ্রহ করা হয়েছিল, তা জানতে তদন্ত চলছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ধরনের অপচেষ্টা কঠোরহস্তে দমন করা হবে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় তৎপর রয়েছে। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।