কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে অভিভাবকদের সচেতন করতে উঠান বৈঠক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার মধ্যপাড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের সবুজ ব্লক এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রেহেনাও উপস্থিত ছিলেন।
মধ্যপাড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, অনুপস্থিতির কারণ চিহ্নিত করা, ঝরে পড়া রোধ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শামীমা আফরোজ মারলিজ বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা অত্যন্ত জরুরি। প্রতিটি শিশুকে নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং তাদের পড়াশোনার প্রতি অভিভাবকদের নজর রাখা প্রয়োজন। কোনো শিশু যেন দারিদ্য, অসচেতনতা কিংবা পারিবারিক অবহেলার কারণে শিক্ষা থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত অভিভাবকদের সন্তানদের শিক্ষাজীবনের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানানো হয়।