বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মো. শফিকুল ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) পদে পদোন্নতি পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) পরিচালক মো. শফিকুল ইসলাম।

প্রায় তিন দশকের পেশাগত জীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান, বৈদেশিক খাতের তথ্য ব্যবস্থাপনা, ঋণতথ্য ব্যবস্থাপনা ও তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (পরিসংখ্যান) হিসেবে কর্মজীবন শুরু করেন মো. শফিকুল ইসলাম। দীর্ঘ কর্মজীবনে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, বৈদেশিক ঋণ, আন্তর্জাতিক বিনিয়োগ অবস্থান, রপ্তানি আয়, আমদানি ব্যয়, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং লেনদেনের ভারসাম্যসংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও সংকলনের কাজে যুক্ত ছিলেন তিনি।

এ ছাড়া তিনি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জরিপ ইউনিট, বিগ ডেটা বিশ্লেষণ ও ডেটা সায়েন্স ইউনিট এবং এসডিডিএস ইউনিটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাগত দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্রে লেনদেনের ভারসাম্যবিষয়ক ছয় সপ্তাহের বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। পাশাপাশি তানজানিয়া, সিঙ্গাপুর ও ভারতে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নেন। বিশ্বব্যাংকের ‘বিজনেস রেডি ২০২৬’ কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি সংস্থাটির প্রশংসাপত্র লাভ করেন।

সিআইবিতে কর্মরত থাকাকালে তিনি সিঙ্গাপুরের ক্রেডিট ব্যুরো পরিদর্শন করেন। বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমিসহ বিভিন্ন ব্যাংকের আয়োজিত কর্মশালায় অতিথি বক্তা ও প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। দেশের ক্ষুদ্রঋণ খাতের জন্য মাইক্রোফাইন্যান্স ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (এমএফ-সিআইবি) প্রতিষ্ঠার উদ্যোগে দলনেতা হিসেবে কাজ করেন তিনি। এ-সংক্রান্ত বিভিন্ন কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্বও পালন করেন। পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের এনপিও পরিদর্শন দলের সঙ্গে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।

বরিশাল জেলার মেহেন্দীগঞ্জের সন্তান মো. শফিকুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ওই বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।