রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে নিখোঁজের চার দিন পর মুন্না (৩২) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় ওয়াসার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে স্থানীয়রা মৃধাবাড়ি ওয়াসার খালে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওসি আরও জানান, উদ্ধারের সময় মরদেহটি অজ্ঞাতপরিচয় ছিল। পরে খবর পেয়ে স্বজনরা থানায় এসে মরদেহ শনাক্ত করেন। নিহতের নাম মুন্না। তাঁর বাবার নাম আব্দুল মান্নান। তিনি স্ত্রী রিয়া বেগমকে নিয়ে মাতুয়াইল পশ্চিমপাড়া এলাকায় বসবাস করতেন এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর থেকে মুন্না নিখোঁজ ছিলেন। চার দিন পর বৃহস্পতিবার ওয়াসার খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ওসি জানান, মরদেহটি আংশিক পচে গেছে। তবে মাথায় আঘাতের একটি চিহ্ন রয়েছে। এখনই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।