স্বল্প সময়ে মানুষের আবেগ ও গুজবে শেয়ারের দাম ওঠানামা করলেও দীর্ঘমেয়াদে কোম্পানির প্রকৃত মুনাফাই দাম নির্ধারণ করে। আমাদের শেয়ারবাজারে শুধু অস্বস্তিই ফিরে ফিরে দৃশ্যমান হয়নি, এই বাজারকেন্দ্রিক অনাচার-কদাচারের ঘটনাও কম ঘটেনি। অনেক বিনিয়োগকারী ও পরিবার বিনিয়োগ করে বসে গেছেন পথে। দৃশ্যমান হয়েছে নানা রকম কারসাজি ও বিনিয়োকারীদের আস্থায় অভিঘাত লেগেছে সুশানের অভাবে। ১৯ নভেম্বর দেশ রূপান্তরে ‘লভ্যাংশনির্ভর বিনিয়োগে আগ্রহ কমছে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, একসময় পুঁজিবাজারে বিনিয়োগের অন্যতম আকর্ষণ ছিল ভালো লভ্যাংশ দেওয়া কোম্পানির শেয়ার। বিশেষ করে যেসব কোম্পানি নিয়মিত নগদ লভ্যাংশ দিত, সেসব প্রতিষ্ঠানের শেয়ারে দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহী ছিলেন অনেক বিনিয়োগকারী। তাদের আশা ছিল, শেয়ারের দাম বাড়ার পাশাপাশি প্রতি বছর লভ্যাংশ থেকেও আয় আসবে। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সে চিত্র। দুর্বল অর্থনীতি আর বাজার মন্দা থাকার কারণে ভিন্ন ভাবনায় ডুবেছেন বিনিয়োগকারীরা। ডিভিডেন্ড বা লভ্যাংশনির্ভর বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন তারা।
আমরা দেখছি, বিদ্যমান এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আগ্রহে ভাটা পড়েছে এবং সামগ্রিকভাবে তা অর্থনীতির জন্য ভালো খবর নয়। শেয়ারবাজার অর্থনীতির একটি অত্যাবশ্যকীয় অংশ, যা দীর্ঘমেয়াদি পুঁজি সংগ্রহ এবং উদ্ভাবনে অর্থায়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে। এও আমাদের অজানা নয় যে, শেয়ারবাজার যেকোনো দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বা চালিকাশক্তি হিসেবে কাজ করে, যা সাধারণ মানুষের ক্ষুদ্র সঞ্চয়কে বড় ধরনের শিল্প ও ব্যবসায়িক বিনিয়োগে রূপান্তরিত করে। এটি মূলত ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদি অর্থায়নের পথ তৈরি করে। বড় কোনো শিল্পকারখানা স্থাপন বা ব্যবসা সম্প্রসারণের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। কোম্পানিগুলো প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে এই পুঁজি সংগ্রহ করে, যা ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নেওয়ার চেয়ে অনেক সাশ্রয়ী। মানুষের হাতে থাকা অলস অর্থ বা ক্ষুদ্র সঞ্চয় ব্যাংকে ফেলে না রেখে শেয়ারবাজারে বিনিয়োগ করলে তা উৎপাদনশীল খাতে ব্যবহৃত হয়। এর ফলে জাতীয় সঞ্চয়ের সঠিক ও লাভজনক ব্যবহার নিশ্চিত হয়। সরাসরি নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়, মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে এবং সামগ্রিকভাবে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি পায়। একটি দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে, তা শেয়ারবাজারের সূচক দেখে বোঝা যায়। অর্থনীতি চাঙ্গা থাকলে বা কোম্পানিগুলোর মুনাফা বাড়লে শেয়ারের দাম বাড়ে আর অর্থনৈতিক মন্দার আশঙ্কা থাকলে বাজারে দরপতন ঘটে।
এমন নজির অনেক আছে, একটি কোম্পানি নিয়মিত লভ্যাংশ দিলেও তার শেয়ারের বাজারদর ধারাবাহিকভাবে কমতে থাকলে বিনিয়োগকারীর সামগ্রিক রিটার্ন নেতিবাচক হতে পারে। আবার কোনো কোম্পানি সাময়িকভাবে কম লভ্যাংশ দিলেও ব্যবসা সম্প্রসারণ ও মুনাফা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে ভালো রিটার্ন দেওয়ার সক্ষমতা তৈরি করতে পারে। মোট কথা হলো, বিনিয়োগ করতে হয় দীর্ঘমেয়াদে। তাহলে শেয়ারবাজার থেকে ভালো কিছু আশা করা যায়। দীর্ঘদিন বাজার মন্দা থাকলে এর বিরূপ প্রভাব বাজারে পড়বে, কোম্পানির ক্ষতিও স্ফীত হবে এবং বিনিয়োগে ভাটা দেখা দেবে এটা স্বাভাবিক। এ জন্য আগে দরকার উপযুক্ত পরিবেশসহ সার্বিক স্থিতিশীলতা, সুশাসন ও বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা। বাজার আপনাআপনি ঘুরে দাঁড়ায় না, এর কিছু অনুষঙ্গ আছে যেগুলো নিশ্চিতকরণের বিকল্প নেই। এক কথায় খুব জরুরি স্থিতিশীলতা।
স্বচ্ছ শেয়ারবাজার ব্যবস্থাপনা নিশ্চিত এ ক্ষেত্রে ইতিবাচক কিছু আশা করা দুরাশারই নামান্তর। অনেক কোম্পানিই লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে নানা রকম ছলচাতুরির আশ্রয় নেয়, তা আমাদের অভিজ্ঞতায় আছে। এর জন্য বাজার নিয়ন্ত্রক কর্র্তৃপক্ষের নির্মোহ নজরদারি-তদারকির কোনো বিকল্প নেই। একটি উপযুক্ত বা আদর্শ শেয়ারবাজার হলো এমন একটি স্বচ্ছ, স্থিতিশীল ও দক্ষ আর্থিক প্ল্যাটফর্ম, যেখানে বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা থাকে এবং প্রকৃত মূল্যের ভিত্তিতে শেয়ারের দাম নির্ধারিত হয়। নিয়ন্ত্রক সংস্থাকে বাজার কারসাজি, গুজব এবং কৃত্রিমভাবে দাম বাড়ানো বা কমানোর বিরুদ্ধে সজাগ থাকতে হবে এবং বিনিয়োগকারীর সুরক্ষা নিশ্চিত করতে হবে। মনে রাখা বাঞ্ছনীয়, শুধু স্বল্প মূলধনী বা দুর্বল কোম্পানি নয়, বরং দেশের শীর্ষস্থানীয় ও লাভজনক বহুজাতিক কোম্পানিগুলোর তালিকাভুক্তি বাজারের গভীরতা বাড়ায় এবং তারা লভ্যাংশ দিতে অনীহা দেখায় না।