অধিকার ও সুযোগে সাম্য কত দূরে

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:২১ এএম

রাষ্ট্রকে বৈরী হিসেবে দেখাটা বেঠিক নয়; ঠিকই আছে, কিন্তু তাকে বদলাবার দায়টা কিন্তু সমাজেরই, অর্থাৎ সমাজের অগ্রসর মানুষদেরই। মুশকিল হলো ওই অগ্রসর মানুষদের এখন খুঁজে পাওয়াটা ভার হয়েছে। পুঁজিবাদ তাদের চেনে, সম্ভাব্য শত্রু হিসেবে জানে, এবং দমন করতে চায়। দমন করার কাজে রাষ্ট্রের বিশেষ রকমের অস্ত্র হচ্ছে দুটি, ভীতি ও প্রলোভন। রাষ্ট্র ভয় দেখায়, শাস্তি দেবে বলে জানায়, শাস্তি দিতে কসুরও করে না। এ ব্যাপারে সদাজাগ্রতই থাকে। রাষ্ট্র আবার প্রলোভনও দেখায়, পুরস্কার দেবে বলে। দেয়ও। অগ্রসর মানুষেরা নত হয়ে পড়ে ভীতিতে, এবং প্রলোভনে। ভীতি প্রদর্শন ও পুরস্কার প্রদানের জন্য আবশ্যক টাকাটা রাষ্ট্র কিন্তু নিজে উৎপাদন করে না, সে-ক্ষমতা তার নেই; টাকা আসে লুণ্ঠন থেকে। লুণ্ঠনের টাকা আবার জনগণের শ্রমে ও ঘামেই উৎপাদিত হয়। জনগণের অর্থ লুণ্ঠন করে ব্যবহার করা হয় জনগণকে তো বটেই, জনগণের পক্ষে বলবার সম্ভাব্য শক্তিকেও দমনের জন্য। এমনটা আগেও ঘটেছে, এখনো ঘটছে। এখন অবশ্য এর তৎপরতাটা বৃদ্ধি পেয়েছে; এবং পাচ্ছে; রাষ্ট্রীয় নিপীড়ন এখন আগের চেয়ে বেশি বৈ কম নয়। যেমন তার বিস্তার তেমন তার নিষ্ঠুরতা। রাষ্ট্র কীভাবে সৃষ্টি হলো তা ব্যাখ্যা করতে থমাস হবস্, জন লক এবং জাঁ-জ্যাক রুশো সামাজিক চুক্তির মতবাদ দিয়েছেন। লক ও রুশোর রচনায় মানুষের প্রাকৃতিক অধিকার ও সামাজিক চুক্তির বিষয়টি এসেছে। আব্রাহাম লিঙ্কন তার গ্যাটিসবার্গ বক্তৃতাতে গণতন্ত্রের যে সংজ্ঞা দিয়েছিলেন সেটা আজও স্মরণীয় হয়ে আছে। সংজ্ঞা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করেছিলেন যে সংজ্ঞায়িত ওই গণতন্ত্র, অর্থাৎ জনগণের জন্য গঠিত, জনগণের দ্বারা পরিচালিত এবং জনগণের পক্ষের সরকার, পৃথিবী থেকে কখনো নিশ্চিহ্ন হবে না। সরকার ও রাষ্ট্রকে সেদিন তিনি পৃথক করেননি। সরকার এবং রাষ্ট্র যে এক নয় এটা এখন সর্বদাই বলা হচ্ছে; কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে দিব্যি তারা এক হয়ে যায়; সরকারে যারা থাকে পারলে রাষ্ট্রকে তারা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কেবল সরকারকে নয়, রাষ্ট্রকেও জনগণের কর্তৃত্বাধীন করা চাই; কেননা রাষ্ট্র সরকারের চেয়েও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান। স্থূল সত্য বরং এটাই যে, রাষ্ট্রকেই গণতান্ত্রিক করা দরকার, তাহলে সরকারও বাধ্য হবে গণতান্ত্রিক হতে; কান ধরে টান দিলে মাথাও চলে আসবে। কিন্তু পুঁজিবাদীব্যবস্থায় রাষ্ট্রের সেই গণতন্ত্রীকরণটা কী সম্ভব? না, মোটেই সম্ভব নয়। গণতন্ত্রের একেবারে প্রাথমিক শর্তটি হচ্ছে মানুষের সঙ্গে মানুষের অধিকার ও সুযোগের সাম্য প্রতিষ্ঠা। ওদিকে পুঁজিবাদের প্রধান কাজই হলো মানুষে মানুষে বৈষম্য বাড়ানো। একের সন্ধ্যা আর অপরের সকাল; তারা মিলবে কী করে? মিলছে না।

তা যথার্থ গণতন্ত্র তো লিঙ্কনের নিজের দেশেই প্রতিষ্ঠিত হয়নি। সেখানকার ‘অগণতান্ত্রিক’ সহিংসতা এখন অনেক দেশকে লজ্জায় ফেলে দেয়। ৪ জুলাই আমেরিকায় স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে থাকে, শিকাগো শহরে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছিলেন ১৬ জন, আহত ২৪ জন। একটি জরিপ বলছে তরুণ আমেরিকানদের মধ্যে এখন শতকরা ৯৩ জনই মনে করে যে তাদের দেশে ‘সুস্থ’ গণতন্ত্র নেই। লিঙ্কন জ্ঞানী এবং আশাবাদী মানুষ ছিলেন; কিন্তু তিনি ধারণা করতে পারেননি যে তার দেশে পুঁজিবাদ এভাবে বিকশিত হবে, এবং হওয়ার ফলে তার সেই দেশ উপনিবেশবাদী গ্রেট ব্রিটেনের তুলনাতেও বড় রকমের সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত হয়ে যাবে। অপেক্ষা থাকবে কেবল সময়ের ও সুযোগের। বিশ্বযুদ্ধকালে জাপান কিছু কম নৃশংসতার পরিচয় দেয়নি, কিন্তু দেশের অভ্যন্তরে তারা শান্তিপ্রিয় বলেই পরিচিত; আমেরিকার ঠিক উল্টো। জাপানে বন্দুক আইন রীতিমতো কঠোর : রাজনৈতিক হিংস্রতার খবর পাওয়া যায় না, গোলাগুলির ঘটনা বিরল। সেই জাপানের একজন সাবেক প্রধানমন্ত্রী এক নির্বাচনী সভায় বক্তৃতা করতে গিয়ে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। দুই দফায় তিনি ৯ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। আততায়ীটি বিক্ষুব্ধ ছিল, ওই ভাবে তার ক্ষোভের প্রকাশ ঘটিয়েছে। ডেনমার্কও শান্তিপ্রিয় দেশ বলে খ্যাত। ছাড় দিয়ে দিয়ে কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘটিয়েছে। সেই ডেনমার্কের কোপেনহেগেন শহরের শপিংমলে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

গরিব বাংলাদেশের কত টাকা যে বিদেশে গেছে পাচার হয়ে তার হিসাব তো মনে হয় কোনো দিনই পাওয়া যাবে না। টাকা পাচার হয়ে নানা জায়গায় যায়। একটা অংশ নাকি নিশ্চিন্তে জমা থাকে সুইজারল্যান্ডের ব্যাংকে। এই ক্ষেত্রে গণতান্ত্রিক ওই দেশটির ব্যাংকগুলো বেশ নিরাপদ। সেখানে কপালদার বাংলাদেশি ব্যক্তিদের জমা নাকি বাড়ছেই। ওরা কারা তা জানা যায় না। তবে বাংলাদেশে কর্মরত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত একটি তথ্য ফাঁস করে দিয়েছিলেন। সেটা হলো আমানতকারীদের বিষয়ে তথ্য দেওয়া হবে কি, ঠিক মতো তো চাওয়াই হয় না। ওদিকে এটা তো অনুমান না-করে উপায়ই নেই যে, বাংলাদেশের বড় বড় প্রজেক্টে বড় বড় মানুষদের বড় বড় অঙ্কের অর্থলাভ ঘটে। ভর্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা হয়; এবং প্রশ্নপত্রের ফাঁসের ঘটনা ঘটে। টাকাই ঘটায় যা ঘটাবার। প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে নাকি ‘হাজার কোটি’ টাকার লেনদেন ঘটে থাকে। ভর্তির চেয়েও বড় বাণিজ্য চাকরির, সে-বাণিজ্য তো ক্রমাগত নিজেই নিজেকে অতিক্রম করে চলেছে। সবকিছুই কিন্তু ঘটছে রাষ্ট্রের অধীনে। রাষ্ট্র অঙ্গীকার করেছে দুর্নীতি দমন করবে। দমনের জন্য বিস্তর ব্যবস্থা আছে। আইন আছে, আদালত রয়েছে; রয়েছে দুর্নীতি দমনের স্বাধীন কমিশন; কাজ করছে গোয়েন্দারা, তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন বাহিনী, গণমাধ্যমও উন্মুখ থাকে দুর্নীতির কাহিনি উন্মোচনের জন্য, এবং উন্মোচন যে ঘটে না এমনও নয়; চমকপ্রদ খবরগুলো তো গণমাধ্যমের কল্যাণেই আমরা পেয়ে থাকি। কিন্তু দুর্নীতি কমে না, বরং বাড়তেই থাকে; বিদেশিরা বলে যতই ডাকাডাকি করো না কেন বিনিয়োগে যাচ্ছি না, কারণ তোমাদের দেশের দুর্নীতি বিনিয়োগে পদে পদে বাধা দেবে, মুনাফা যা করব সেটা গিলে খেয়ে ফেলতে চাইবে। রাষ্ট্র যে পারছে না দুর্নীতি দমন করতে তার আসল রহস্যটা তো রয়েছে এইখানে যে, রাষ্ট্রের যারা শাসক শ্রেণি তারা মুখে যাই বলুন না কেন অন্তরে অন্তরে নিজেরাই দুর্নীতির প্রতি অনুরক্ত, এবং সেই অনুরাগেরও আসল কারণ হলো এটা যে গোটা ব্যবস্থাটা হচ্ছে পুঁজিবাদী। পুঁজিবাদ নিজে সংযত হয়, টিকে

থাকবার স্বার্থে। আর পুঁজিবাদ যেখানে রাষ্ট্রের বাধানিষেধের মোটেই তোয়াক্কা করে না, দায় নেয় না জবাবদিহির, সেখানে কে থামাবে লুণ্ঠন, কে বাধা দেবে দুর্নীতিকে? অনেক দেশেই কেউ তা দেয় না, দেয় না আমাদের এই বাংলাদেশেও। তবে আমাদের ক্ষেত্রে বেদনাটা এইখানে যে মুক্তির জন্য আমরা বড় বড় সংগ্রাম করেছি, এবং সে সংগ্রামের লক্ষ্য একটি পুঁজিবাদী রাষ্ট্র গঠন ছিল না, লক্ষ্য ছিল একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনই।

সমাজতন্ত্রে পৌঁছাবার জন্যই গণতন্ত্র চাই। সে গণতন্ত্রে কেবল মানুষের ভোটাধিকারই থাকবে না, থাকবে অধিকার ও সুযোগের সাম্যও; সেখানে ক্ষমতা কোনো একটি জায়গায় পুঞ্জীভূত থেকে স্বৈরাচারী, দুর্গন্ধযুক্ত ও বিষাক্ত হয়ে উঠতে পারবে না, সেখানে ক্ষমতার যথার্থ বিকেন্দ্রীকরণ ঘটবে, এবং সর্বস্তরেই ক্ষমতা চলে যাবে প্রকৃত জনপ্রতিধিদের হাতে। সেদিকে তো আমরা এগুতে পারিনি, এগুনো ভুলে বরং গণতন্ত্র প্রতিষ্ঠার একদা-ঘোষিত লক্ষ্য থেকে ক্রমাগত পিছিয়েই গেছি। একটা ভুল ধারণা চালু ছিল, এখনো মনে হয় আছে; সেটা হলো বাংলাদেশ একটি জাতি রাষ্ট্র। এটা বলার অর্থ দাঁড়ায় এই রাষ্ট্র কেবল একটি জাতির মানুষদেরই, যে-মানুষরা সবাই বাঙালি। এটা কিন্তু সত্য নয়। বাংলাদেশ একটি জাতিরাষ্ট্র নয়, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র। রাষ্ট্র সে-রকমটা হয়নি বটে, তবে সেটিই তার হওয়ার কথা ছিল। বস্তুত এ যুগে একটি রাষ্ট্রের সব মানুষ এক জাতির হবে এমনটা মোটেই সম্ভব নয়। আমেরিকা চেষ্টা করেছিল বিভিন্ন জাতির মানুষকে এক সঙ্গে করে, ফুটন্ত পাত্রে ফেলে রান্না করবার কায়দাতে, এক জাতিতে পরিণত করে তবে ছাড়বে। পারেনি। করতে গিয়ে নানা ধরনের বিভেদ বিদ্বেষের সৃষ্টি করেছে; এখনো করে চলেছে। গ্রেট ব্রিটেন মেনে নিয়েছে, বাধ্য হয়েছে মেনে নিতে যে, ওই রাষ্ট্র শুধু ইংরেজদের নয়, এমনকি শুধু শ্বেতাঙ্গদেরও নয়, নানা বর্ণের ও সংস্কৃতির মানুষ সেখানে রয়েছে; এবং থাকবে। বাংলাদেশে বাঙালিদের পাশাপাশি অবাঙালিরা আছে, তা সংখ্যায় তারা যত কমই হোক না কেন। অধিকার ও সুযোগের ক্ষেত্রে এ রাষ্ট্রে নাগরিকদের ভেতর শ্রেণি, বর্ণ, ধর্ম ও লিঙ্গের ব্যবধান থাকবার কথা নয়। সেটা যে রয়ে গেছে, এবং অনবরত বাড়ছেই, তাতেই প্রমাণ হয় যে এ রাষ্ট্র গণতান্ত্রিক নয়; এ রাষ্ট্র পুঁজিবাদী এবং এর কাঠামো আমলাতান্ত্রিক। আগে যেমন ছিল।

লেখক : ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

সর্বশেষ সর্বাধিক পঠিত