যাপিত জীবন চলচ্চিত্রে গাইলেন অণিমা রায়

আবারও নতুন একটি চলচ্চিত্রে প্লে-ব্যাক করলেন রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়। হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘যাপিত জীবন’ চলচ্চিত্রে ডিএল রায়ের প্রখ্যাত গান ‘ধনধান্য পুষ্পভরা’ গেয়েছেন অণিমা।  ইন্সট্রুমেন্ট ছাড়াই ছবিতে গানটি ব্যবহার করা হয়।

অণিমা রায় বলেন, ‘আমার কাছে চলচ্চিত্রে গান গাওয়া সবসময় আনন্দের। বেশ কয়েকটি চলচ্চিত্রে গান গেয়েছি। এ গানটি ছোটবেলা থেকেই আমার ভীষণ পছন্দের। যখন সিনেমায় গাওয়ার প্রস্তাব পেলাম, উচ্ছ্বাসের সঙ্গে গেয়েছি। এর আগে বেশ কয়েকটি সিনেমায় রবীন্দ্রসংগীত গেয়েছেন অণিমা রায়। ‘দেনা পাওনা’, ‘শ্রাবণ জোৎস্না’, ‘অসম্ভব’, ‘ইতি কমলা’ প্রমুখ চলচ্চিত্রে গেয়েছেন তিনি।

এ ছাড়া আফজাল হোসেন পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ চলচ্চিত্রে তিনি গেয়েছেন ‘মেঘের কোলে রোদ হেসেছে’ ও ‘সেদিন আমায় বলেছিলে’। ‘ভালোবাসার প্রজাপতি’ চলচ্চিত্রে তার কণ্ঠে শোনা গেছে ‘ভেঙে মোর ঘরের চাবি’ গানটি। ‘হৈমন্তির ইতিকথা’ চলচ্চিত্রে অণিমা রায় গেয়েছেন ‘আজি যত তারা তব আকাশে’।