হারে কাঠগড়ায় বোলিং-ফিল্ডিং

জোহানেসবার্গের ১৩০ বছরের টেস্ট ইতিহাসে এর আগে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করা দল কখনো হারেনি। সেই ইতিহাস পাল্টে দিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪০০ রান করার পরও ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া তো দূরের কথা, শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে। ওয়ান্ডারার্সে এই পরাজয়ের পেছনে ব্যাটিংয়ের চেয়ে বোলিং ও ফিল্ডিং বিভাগকেই বেশি দায় দিচ্ছে সফররত দল। একের পর এক ক্যাচের সুযোগ হাতছাড়া, অতিরিক্ত নো বল এবং প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপর চাপ ধরে রাখতে না পারার খেসারত দিতে হয়েছে পুরো দলকে।

এ নিয়ে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমার মনে হয়, বিশ্বের সেরা দলের বিপক্ষে খুব বেশি ভুল করার সুযোগ নেই। বিশেষ করে বোলিংয়ের ক্ষেত্রে। আমরা অনেকগুলো নো-বল করেছি এবং ক্যাচও ফেলেছি। আমার বিশ্বাস, এই ভুলগুলোর কারণেই আমরা ম্যাচটি হেরেছি। এমন ভুল হতেই পারে। কিন্তু যখন আমরা বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলি, তখন আমাদের এমন ভুল করা চলবে না।’

আলাদা অনুভূতি হচ্ছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার, ‘প্রথম ইনিংসে ৪০০ রান দেওয়ার পরও জয় পাওয়া আমাদের জন্য বিশেষ কিছু। এই মাঠে দক্ষিণ আফ্রিকা এর আগে কখনো এমন পরিস্থিতিতে টেস্ট ম্যাচ জেতেনি। তবে আমরা সেই ইতিহাস বদলে দিয়েছি। সেই সময় আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশকে আবার খেলায় ফিরে আসার সুযোগও দিতে পারতাম।’

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে সহজ ৫টি ক্যাচ নিতে পারেননি বাংলাদেশের ফিল্ডাররা। এর মধ্যে রায়ান রিকেলটন দুবার জীবন পান। একবার উইকেটরক্ষক লিটন দাসের হাতে, আরেকবার শর্ট কাভারে মাহিফুজুল ইসলাম রবিন বল তালুবন্দি করতে পারেননি। এ সুযোগ কাজে লাগিয়ে রিকেলটন ১০২ রান করে প্রোটিয়াদের বড় সংগ্রহ এনে দেন। কাগিসো রাবাদাকেও গুরুত্বপূর্ণ সময়ে জীবন দেন সফরকারী ফিল্ডাররা। ৩৮ রানে থাকা অবস্থায় তার ক্যাচ নিতে পারেননি শান্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে রাবাদা শেষ পর্যন্ত ক্যারিয়ারসেরা ৭২ রান করেন। রিকেলটন-রাবাদার ব্যাটে স্বাগতিকরা রানের পাহাড় জমা করে। যেখানে একপর্যায়ে প্রথম ইনিংসে বাংলাদেশ লিড নেওয়ার স্বপ্ন দেখছিল, সেখানে এই দুই ব্যাটসম্যানের ১১৭ রানের জুটি সফরকারী বোলারদের ওপর চাপ আরও বাড়িয়ে দেয়। পরে উল্টো ১৫৭ রানের লিড নেন প্রোটিয়ারা।

এর সঙ্গে যোগ হয় নো বলের সমস্যা। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে বাংলাদেশের বোলাররা ১০টি নো বল করেন। তাসকিন আহমেদ চারটি, হাসান মাহমুদ তিনটি এবং এবাদত হোসেন তিনটি নো বল দেন। গুরুত্বপূর্ণ সময়ে নো বলের কারণে উইকেট পাওয়ার সুযোগও নষ্ট হয় বাংলাদেশ দলের। এবাদতের বলে এইডেন মারক্রাম বোল্ড হলেও সেটি নো বল হওয়ায় বেঁচে যান তিনি। প্রথম ইনিংসেও এমন ভুলে উইকেট পাওয়ার সুযোগ হাতছাড়া হয়। এজন্য আক্ষেপ ঝরল শান্তর কণ্ঠে, ‘দ্বিতীয় ইনিংসের ব্যাটিং নিয়ে আমি এত চিন্তিত না। প্রথম ইনিংসে এত বড় রান করেও ফিল্ডিং ও বোলিংয়ে আমরা ভুল করেছি। এই জায়গায় ভালো করলে ভিন্ন ফল আসত।’

একাদশে নির্বাচন নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় বাংলাদেশ অধিনায়ককে। ছন্দে থাকা শরিফুল ইসলাম দলের সঙ্গে থাকলেও তাকে বসিয়ে এবাদত হোসেনকে একাদশে রাখার ব্যাখ্যায় শান্ত বলেন, ‘শরিফুল, তাসকিন, হাসান সবাই নতুন বলে ভালো বল করে। হাসান তো পুরনো বলেও ভালো করছে। তাসকিনও করে। যে ৫-৬ জন বোলার আছে, তাদেরই রোটেট করে খেলাতে হয়। মাঝেমধ্যে তাই সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুটো টেস্টেই তাসকিন খেলেছে। এখানে আবার একটা খেলল। শরিফুল একটা খেলবে। রোটেশন পলিসিতেই যেতে হয় আমাদের।’ শরিফুল থাকলে ভালো হতো কি না, এমন জিজ্ঞাসায় তার জবাব, ‘না, মনে হচ্ছে না।’

প্রথম ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ দল। গতকাল শেষ দিনে ৫ উইকেটে ১০০ নিয়ে ব্যাটিংয়ে নামেন লিটন ও মুশফিকুর রহিম। দিনের শুরুতে দুজন মিলে টেস্টে জুটির ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের প্রতিরোধ। ৩৮ বলে ৩৯ রান করে রাবাদার বলে বোল্ড হন লিটন। এরপর হার্মারের স্পিনে মুশফিক (২২) ও মেহেদী হাসান মিরাজের (১৫) বিদায়ে ভেঙে পড়ে সফরকারীরা। বাংলাদেশ গুটিয়ে যায় ১৬৮ রানে।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ অভিজ্ঞ মুশফিকের ওপর আস্থা হারাচ্ছেন না শান্ত, ‘মুশফিক ভাই এই চক্রে অনেক ভালো খেলছেন। প্রায় ৪৪ গড়ে ব্যাটিং করছেন। ব্যাটিংয়ের পাশাপাশি আরও অনেক কিছু থাকে। উনার অভিজ্ঞতা অনেক কাজে লাগে। তাকে নিয়ে আমার কোনো সংশয় নেই। আমি জানি, পরের ম্যাচে আরও ভালোভাবে কামব্যাক করবেন।’ দুই ইনিংসে ১ রান করা মুমিনুল হকের পাশেও দাঁড়ান অধিনায়ক, ‘মুমিনুল ভাই অবশ্যই সংগ্রাম করছেন। তবে উনার যে অভিজ্ঞতা, অবশ্যই কাজে দেবে। উনি মানসিকভাবে অনেক শক্ত। এতদিন যা হয়নি, পরের ম্যাচেই তা হবে।’

প্রোটিয়াদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান। প্রথম ওভারেই মিরাজের বলে শূন্য রানে ফেরেন মার্কোস অ্যাকারম্যান। কিন্তু এবাদতের বলে মারক্রাম বোল্ড হওয়ার পর নো বলের সিদ্ধান্তে বেঁচে যান। শেষ পর্যন্ত ৯ বলেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৪০ শতাংস পয়েন্ট নিয়ে ৫ নম্বরে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে ৭৫ শতাংশ পয়েন্টের হার নিয়ে শীর্ষে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। সে দেশে বাংলাদেশের এটি টানা নবম টেস্ট হার। আগামী সোমবার সেঞ্চুরিয়নে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস : ৪০০

দক্ষিণ আফ্রিকা ১ম ও ২য় ইনিংস : ৫৫৭ ১২/১

বাংলাদেশ ২য় ইনিংস : (আগের দিন ১০০/৫) ৫৫.৩ ওভারে ১৬৮ (মুশফিক ২৩, লিটন ৩৯, মিরাজ ১৫, হাসান ৪, তাসকিন ২*, ইবাদত ০; রাবাদা ১৬-৫-৪৮-৩, ইয়ানসেন ১০-২-৩০-১, প্যাটারসন ১১-২-১৮-০, মুল্ডার ৫-২-৯-০, হার্মার ১২.৩-১-৫১-৬, মার্করাম ১-০-৩-০)

ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা: কাগিসো রাবাদা। পরবর্তী টেস্ট: ২৩-২৭ নভেম্বর, সেঞ্চুরিয়ান।