একসময় আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই ছিল দেশের ফুটবলে অন্যরকম উত্তেজনা। দুই দলের লড়াই ঘিরে স্টেডিয়ামে উপচে পড়ত দর্শক, তৈরি হতো উৎসবের আমেজ। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে খেলোয়াড়দের মধ্যে ছিল বন্ধুত্ব ও সৌহার্দ্য। সময়ের ব্যবধানে সেই উত্তেজনা অনেকটাই হারিয়ে গেছে। তবে পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে এবং দুই ক্লাবের সাবেক খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে আবাহনী ও মোহামেডানের সাবেক ফুটবলারদের নিয়ে বৃহস্পতিবার ধানমন্ডির ক্রিকেট মাঠে আয়োজন করা হয়েছে এক প্রীতি ম্যাচ। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সাবেক তারকারা আবারও এক হয়েছেন একই মাঠে।
একসময় দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রাণকেন্দ্র ছিল আবাহনী ক্লাব প্রাঙ্গণ। সাবেক খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক ও ক্রীড়া সংগঠকদের পদচারণায় মুখর থাকত আকাশি-নীলদের ক্লাব। কিন্তু ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অনেকটাই ছন্দ হারায় ঐতিহ্যবাহী ক্লাবটি। খেলাধুলার কার্যক্রম চালু থাকলেও ক্লাবটিতে আগের সেই প্রাণচাঞ্চল্য আর নেই। ক্লাবের নিয়মিত আড্ডা, পরিচিত মুখগুলোর আনাগোনা-সবকিছুতেই যেন ভাটা পড়েছে। সেই হারানো প্রাণ ফিরিয়ে আনতেই ব্যতিক্রমী এই উদ্যোগ নেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সাবেক ফুটবলাররা।
আবাহনী ও মোহামেডানের সাবেকদের খেলাকে শুধু একটি প্রদর্শনী ম্যাচ হিসেবে দেখতে চান না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তার মতে, এই মিলনমেলার মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতির ঊর্ধ্বে রাখার বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে আবাহনী-মোহামেডানের ঐতিহ্য ফিরিয়ে আনা এবং দেশের ফুটবলকে নতুন করে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘আবাহনী ও মোহামেডান বাংলাদেশের ফুটবলের ঐতিহ্যবাহী দুই ক্লাব। সমর্থকদের প্রত্যাশা ও ঐতিহ্য ধরে রাখতে দুই দল সবসময়ই শক্তিশালী দল গঠন করে। সাবেক খেলোয়াড় ও কর্মকর্তাদের উপস্থিতিতে এই আয়োজন দুই ক্লাবের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।’ অতীতে বিভিন্ন ক্লাবকে রাজনীতিকরণের অভিযোগ তুলে তিনি বলেন, ভবিষ্যতে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সব ক্লাব পরিচালনার বার্তা দিতে চায় সরকার। দেশের ফুটবলকে এগিয়ে নিতে শুধু দুই ক্লাব নয়, অন্য দলগুলোকেও শক্তিশালী সমর্থকভিত্তি গড়ে তোলার আহ্বান জানান আমিনুল হক। তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, আনসার, পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন বাহিনীকে দেশের ঘরোয়া ফুটবল ও অন্যান্য খেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিবাচক সাড়াও পাওয়া গেছে বলে জানান তিনি। আগামী বছর থেকে এসব প্রতিষ্ঠানকে আরও ব্যাপকভাবে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
আবাহনীর সাবেক ফুটবলার মেহেদী হাসান উজ্জ্বলের কাছে এই ম্যাচের অনুভূতি ছিল অন্যরকম। তিনি বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে ঢাকা আবাহনী ছাড়া অন্য কোনো ক্লাবে খেলিনি। আবাহনী-মোহামেডান ম্যাচে দলের অবস্থানের চেয়েও আবেগ বেশি কাজ করে। দীর্ঘদিন পর মাঠে এসে সেই পুরনো আবেগ আবারও ফিরে পেয়েছি।’ ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা তার। অন্যদিকে সাবেক ফুটবলার ফিরোজ মাহমুদ টিটু সর্বশেষ ২০০১ সালে আবাহনী-মোহামেডান ম্যাচ খেলেছিলেন। প্রায় ২৫ বছর পর আবারও মাঠে নেমে দারুণ উচ্ছ্বসিত তিনি। টিটু বলেন, ‘সাবেক সতীর্থদের সবাইকে এক জায়গায় পাওয়া ছিল অসাধারণ অভিজ্ঞতা। মাঠের বাইরে খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্ব থাকলেও ম্যাচে নামলে কেউ কাউকে ছাড় দিতেন না। কখনো কখনো সেই প্রতিদ্বন্দ্বিতা মারামারি পর্যন্ত গড়াত, তবে খেলা শেষে আবার সবাই বন্ধুত্বের বন্ধনে ফিরতাম।’
সাবেক ফুটবলার মাসুদও এই আয়োজনকে মিলনমেলা হিসেবে দেখছেন। তার মতে, একসময় আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই ছিল সারা দেশের উত্তেজনা। ঢাকা জাতীয় স্টেডিয়ামে এই দুই দলের ম্যাচ আয়োজন করা গেলে দর্শকদের আগ্রহ আবারও বাড়বে। তার বিশ্বাস, আবাহনী-মোহামেডানের ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের আয়োজন শুরু করা হলে গ্যালারিতে দর্শক ফিরবে।
মোহামেডানের সাবেক ফুটবলার নকিবও একই ধরনের আয়োজন নিয়মিত করার পক্ষে। ২০০৭ সালে খেলা ছাড়ার পর সাবেক খেলোয়াড়দের সঙ্গে এমনভাবে মাঠে নামার সুযোগ হয়নি তার। তার ভাষায়, একসময় প্রতিপক্ষ থাকলেও এখন সবাই বন্ধু। এ ধরনের আয়োজন খেলোয়াড়দের পারস্পরিক সম্পর্ক সুন্দর রাখে। আরেক সাবেক ফুটবলার সাব্বিরও প্রয়াত বা প্রয়াতপ্রায় বর্ষীয়ান কর্মকর্তা হারুনের প্রতি সম্মান জানাতেই এই ম্যাচে অংশ নেওয়ার কথা তুলে ধরেন। তার মতে, হারুন ছিলেন অত্যন্ত ভদ্র, নম্র ও দক্ষ কর্মকর্তা। মোহামেডান ও আবাহনী-দুই দলের হয়েই খেলা সাবেক ফুটবলার মাসুদ ১৯৯১ সালের একটি স্মৃতিও তুলে ধরেন। সে বছর মিরপুর স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনী ২-১ গোলে মোহামেডানকে হারিয়েছিল। পরে ২০০২ সালে মোহামেডানের অধিনায়ক হিসেবে এক বছরে তিনটি শিরোপা জয়ের স্মৃতিও স্মরণ করেন তিনি।
এদিকে আবাহনী ক্লাবের কমপ্লেক্সের অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি আগামী বছর মার্চ বা এপ্রিলে আন্তর্জাতিক দল নিয়ে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রীর মৌখিক সম্মতি পাওয়ার কথা জানান তিনি। ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়নে একাডেমি, বয়সভিত্তিক দল ও ক্লাবগুলোর নিজস্ব মাঠ নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে সরকারের।