শিশুর প্রতি স্নেহপূর্ণ আচরণ

শিশুরা পরিবারের আনন্দ ও প্রশান্তির উৎস। তাদের হাসি, আনন্দ ও সরলতা ঘিরে পরিবারে তৈরি হয় সুন্দর আবহ। আজকের শিশুরাই আগামী দিনের পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে। তাই তাদের সঠিকভাবে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেওয়া জরুরি।

ইসলামের দৃষ্টিতে সন্তান মহান আল্লাহর পক্ষ থেকে মা-বাবার জন্য বিশেষ নেয়ামত। পবিত্র কোরআনে সন্তানকে দুনিয়ার জীবনের সৌন্দর্য হিসেবে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য।’ (সুরা কাহফ ৪৬) সন্তানকে কেবল আনন্দের উপলক্ষ হিসেবে দেখলে চলবে না। তাদের যথাযথভাবে লালন-পালন করা এবং সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলাও মা-বাবার দায়িত্ব।

শিশুর প্রতি ভালোবাসা ও স্নেহ প্রদর্শন ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। রাসুলুল্লাহ (সা.) শিশুদের অত্যন্ত ভালোবাসতেন। তাদের সঙ্গে কোমল আচরণ করতেন, আদর করতেন এবং তাদের খোঁজখবর নিতেন। একবার রাসুলুল্লাহ (সা.) তার নাতি হাসান ইবনে আলী (রা.)-কে চুমু দিলেন। এ সময় আকরা ইবনে হাবিস (রা.) বললেন, আমার দশটি সন্তান রয়েছে, আমি তাদের কাউকে কখনো চুমু দিইনি। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘যে দয়া করে না, তার প্রতি দয়া করা হয় না।’ (সহিহ বুখারি)

এ ঘটনা থেকে বোঝা যায়, শিশুর প্রতি স্নেহ ও মমতা প্রকাশ করা নবীজির সুন্নাহ।

শিশুর সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষার বিকল্প নেই। ইসলাম জ্ঞানার্জনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। মা-বাবার উচিত সন্তানকে ছোটবেলা থেকেই আল্লাহর পরিচয়, নবী-রাসুলদের জীবন, কোরআন ও ইসলামের মৌলিক শিক্ষা দেওয়া। পাশাপাশি ভাষা, বিজ্ঞান, ইতিহাস, সামাজিকতা ও প্রয়োজনীয় জীবনদক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা। শিশুকে এমনভাবে শিক্ষা দিতে হবে, যেন সে নিজের দায়িত্ব বুঝতে পারে এবং অন্যের অধিকার সম্পর্কে সচেতন হয়।

সন্তানের প্রতি মা-বাবার দায়িত্ব সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে আগুন থেকে রক্ষা করো।’ (সুরা তাহরিম ৬)

এই আয়াতের শিক্ষা হলো, পরিবারের সদস্যদের দ্বীনি শিক্ষা ও সৎকাজের পথে পরিচালিত করা মা-বাবার গুরুত্বপূর্ণ কর্তব্য। সন্তানকে নামাজ, সততা, আমানতদারি, শালীনতা, ধৈর্য ও মানুষের প্রতি সদাচরণের শিক্ষা দিতে হবে। তবে এসব শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কঠোরতার পরিবর্তে ভালোবাসা, ধৈর্য ও সুন্দর আচরণকে প্রাধান্য দিতে হবে।

ইসলাম শিশুদের অধিকার রক্ষায় অত্যন্ত সচেতন। জন্মের পর থেকে তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা মা-বাবার দায়িত্ব। সন্তানদের মধ্যে বৈষম্য করা, অকারণে কাউকে অবহেলা করা কিংবা তাদের মানসিক কষ্ট দেওয়া ইসলাম সমর্থন করে না। ছেলে ও মেয়ে উভয় সন্তানই আল্লাহর নেয়ামত। তাদের প্রতি ভালোবাসা ও যতেœর ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

শিশুরা ভুল করবে, দুষ্টুমি করবে, অনেক কিছু বুঝতে চাইবে। এসব ক্ষেত্রে তাদের সঙ্গে ধৈর্যশীল আচরণ করা প্রয়োজন। শারীরিক ও মানসিক নির্যাতন, অপমান, ভয় দেখানো কিংবা অন্যের সামনে হেয় করা শিশুর স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করে।