পরকালের কঠিন জিজ্ঞাসাবাদ

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৫ এএম

ইমানের গুরুত্বপূর্ণ স্তম্ভ পরকালের প্রতি বিশ্বাস। পরকালের প্রথম মনজিল কবর এবং শেষ পরিণতি জান্নাত অথবা জাহান্নাম। মানুষকে সেই চূড়ান্ত পরিণতিতে পৌঁছানোর আগে অসংখ্য প্রশ্নের মুখোমুখি হতে হবে। এসব প্রশ্নের শুরু হবে মৃত্যুর সময় থেকে।

মুমিনের মৃত্যুর সময় উপস্থিত হলে ফেরেশতারা তার কাছে অবতরণ করে বলেন, ‘তোমরা ভয় পেয়ো না, দুশ্চিন্তাও করো না। তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল।’ (সুরা ফুসসিলাত ৩০)

অন্যদিকে মুশরিকদের মৃত্যুর সময় ফেরেশতারা তাদের ভীতি প্রদর্শন করেন এবং তিরস্কার ও ভর্ৎসনার সঙ্গে তাদের প্রশ্ন করেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘অবশেষে যখন আমার ফেরেশতারা তাদের নিকট আসবে তাদের জান কবজ করতে, তখন তারা বলবে, কোথায় তারা, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকতে?’ (সুরা আরাফ ৩৭)

এরপর আত্মাকে ঊর্ধ্বজগতে নিয়ে যাওয়া হয়। ফেরেশতাদের কোনো দলের পাশ দিয়ে যাওয়ার সময় তারা মুমিনের আত্মা সম্পর্কে বলেন, কী পবিত্র আত্মা এটি! আর কাফেরের আত্মা সম্পর্কে বলেন, কী অপবিত্র আত্মা এটি! (মুসনাদে আহমদ)

এরপর আত্মাকে আবার কবরে দেহের মাঝে ফিরিয়ে দেওয়া হয়। তখন দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে জিজ্ঞাসা করেন, তোমার রব কে? তোমার ধর্ম কী? তোমাদের মধ্যে যাকে রাসুল হিসেবে পাঠানো হয়েছিল, তিনি কে? (মুসনাদে আহমদ)

মানুষ যখন বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর সামনে উপস্থিত হবে, তখন তিনি ঘোষণা করবেন, ‘আজ রাজত্ব কার? একক, পরাক্রমশালী আল্লাহর।’ (সুরা গাফির ১৬) হাদিসে এসেছে, আল্লাহ বলবেন, ‘আমিই বাদশাহ। কোথায় সেই স্বেচ্ছাচারীরা? কোথায় সেই অহংকারীরা?’ (সহিহ মুসলিম) সেই মহা পরিস্থিতিতে রাসুলদের জিজ্ঞাসা করা হবে, তারা তাদের প্রতিপালকের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন কি না? এরপর উম্মতদের জিজ্ঞাসা করা হবে, তাদের কাছে রাসুলরা আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলেন কি না? এই উম্মতকেও জিজ্ঞাসা করা হবে, তাদের নবী তাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলেন কি না? রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তখন তোমরা কী বলবে? সাহাবিরা বললেন, আমরা সাক্ষ্য দেব যে, আপনি আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন, আপনার দায়িত্ব পালন করেছেন এবং আমাদের কল্যাণ কামনা করেছেন। (সহিহ মুসলিম)

যারা রাসুলদের প্রতি মিথ্যারোপ করেছিল, তাদেরও জিজ্ঞাসা করা হবে, রাসুলদের আহ্বানের জবাবে তারা কী বলেছিল। আল্লাহ বলেন, ‘যেদিন তিনি তাদের ডেকে জিজ্ঞাসা করবেন, তোমরা রাসুলদের কী জবাব দিয়েছিলে? সেদিন তাদের কাছে সব সংবাদ অস্পষ্ট হয়ে যাবে। ফলে তারা একে অপরকে জিজ্ঞাসা করতে পারবে না।’ (সুরা কাসাস ৬৫-৬৬) ইবাদতের অধিকার একমাত্র আল্লাহর। সুতরাং আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়েছে, তাদেরও জিজ্ঞাসা করা হবে। তারা কি তাদের উপাসকদের নিজেদের ইবাদত করার আহ্বান জানিয়েছিল, নাকি উপাসকরা কোনো আহ্বান ছাড়াই তাদের ইবাদত করেছিল? আল্লাহ তাদের উপাসকদের সামনে ফেরেশতাদেরও জিজ্ঞাসা করবেন। কোরআনে বলা হয়েছে, ‘যেদিন তিনি তাদের সবাইকে একত্র করবেন, অতঃপর ফেরেশতাদের জিজ্ঞাসা করবেন, এরা কি তোমাদেরই ইবাদত করত? তারা বলবে, আপনি পবিত্র মহান। আপনি আমাদের অভিভাবক, তারা নয়।’ (সুরা সাবা ৪০-৪১)

১৩ নভেম্বর শুক্রবার, মসজিদে নববিতে প্রদত্ত জুমার খুতবা। সংক্ষিপ্ত অনুবাদ করেছেন আলিফুর রহমান

সর্বশেষ সর্বাধিক পঠিত