নেতানিয়াহুর উসকানি দোটানায় ট্রাম্প

ইসরায়েলের সবশেষ পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও নিজের যুদ্ধপ্রীতি কমেনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ইরানের ওপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে উসকানি দিচ্ছেন তিনি। দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ইরানের সামরিক সক্ষমতা নিয়ে পাওয়া নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলের ক্রমবর্ধমান চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে ইরানে আবারও সামরিক হামলার পরিকল্পনা খতিয়ে দেখছেন ট্রাম্প। কর্মকর্তারা জানান, ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। ইসরায়েলের দাবি, ইরান সফলভাবে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভা-ার পুনর্গঠন করছে এবং রাসায়নিক ও জৈব অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে। ট্রাম্পের এশিয়া সফর শেষে চলতি সপ্তাহে ফিরে বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া জোরালো হতে পারে।

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্পের ওপর বিভিন্ন পক্ষের চাপ রয়েছে। গোয়েন্দা তথ্যের নির্ভরযোগ্যতা এবং ইরানে আবারও হামলা চালানো কতটা বুদ্ধিমানের কাজ হবে, তা নিয়ে প্রশাসনের ভেতরেই গভীর মতপার্থক্য রয়েছে। বিশেষ করে সম্প্রতি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা এই যুদ্ধের প্রতি স্পষ্ট অসন্তোষ প্রকাশ করার পর এই বিতর্ক আরও বেড়েছে। কারণ, প্রায় আট মাস আগে যুদ্ধ শুরুর সময় ট্রাম্প যে দ্রুত বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ হয়নি। উল্টো এই যুদ্ধের কারণে জ্বালানিসহ দ্রব্যমূল্য বেড়ে গেছে। তবে আলোচনা সম্পর্কে জানেন এমন ব্যক্তিরা বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে চার থেকে সাত দিনের বিমান হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দিতে যুক্তরাষ্ট্রকে জোরালোভাবে চাপ দিচ্ছেন। স্পর্শকাতর নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলার কারণে কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।

নেতানিয়াহু দ্রুত যুদ্ধ শুরুর পক্ষে থাকলেও উপসাগরীয় দেশগুলোর নেতারা আশঙ্কা করছেন, ইরান তাদের তেল ও গ্যাস স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে। তাই তারা সামরিক পদক্ষেপের পরিবর্তে অর্থনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ইসরায়েলে গত মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকা বেশ নড়বড়ে হয়ে পড়েছে। ইতিমধ্যে পার্লামেন্টে (নেসেট) স্পিকার ও ডেপুটি স্পিকারের পদে নির্বাচনে তার ঘনিষ্ঠ ব্যক্তিরা হেরে গেছেন। ইরানের রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা তথ্য তুলে ধরেছেন মোসাদ প্রধান রোমান গফম্যান। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে তিনি সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ ও হোয়াইট হাউজের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন। ইসরায়েলের দাবি, ইরান রাসায়নিক অস্ত্র নিয়ে গবেষণা, উন্নয়ন ও পরীক্ষা বাড়িয়েছে। তবে দুই দেশের কর্মকর্তাদের একাংশের মতে, ইরানের বর্তমানে এ ধরনের হামলা চালানোর সক্ষমতা নেই। যুক্তরাষ্ট্রের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ইসরায়েলের দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্টকমপ্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বুধবার ইসরায়েল সফরে আইডিএফপ্রধান ইয়াল জামির ও গফম্যানের সঙ্গে বৈঠক করেন। সেখানে ইরান পরিস্থিতি এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় যৌথ প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। পরে সৌদি আরবে গিয়ে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে ইরান ও ইয়েমেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বড় ধরনের যুদ্ধ আবার শুরু করার বিষয়ে ট্রাম্প সাম্প্রতিক মাসগুলোতে সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। মধ্যবর্তী নির্বাচনের পর সে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ট্রাম্পের চিন্তাভাবনা সম্পর্কে জানাশোনা আছে এমন ব্যক্তিরা বলছেন, যুক্তরাষ্ট্র কার্যত এই যুদ্ধে হেরে গেছে এমন সমালোচনার বিষয়ে তিনি অত্যন্ত সংবেদনশীল। আর দুই বছর ধরে নির্বাহী ক্ষমতা প্রয়োগের পর প্রেসিডেন্ট এখন তার দ্বিতীয় মেয়াদের শেষ নখদন্তহীন সময়ের দিকে এগোচ্ছেন।