বিশ্বের সবচেয়ে শক্তিশালী তিন দেশের নেতা এক টেবিলে। সামনে পারমাণবিক অস্ত্রের ভয়াবহ ঝুঁকি, ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ আর বিশ্বজুড়ে ক্ষমতার নতুন সমীকরণ। আলোচনার কেন্দ্রে এমন এক প্রশ্ন, যার সঙ্গে জড়িয়ে আছে গোটা বিশ্বের নিরাপত্তা। পারমাণবিক অস্ত্রের সংখ্যা কি সত্যিই কমানো সম্ভব? নাকি তিন পরাশক্তির বৈঠক শেষ পর্যন্ত বিশ্বকে নিজেদের প্রভাব বলয়ে ভাগ করে নেওয়ার নতুন পথ খুলে দেবে? চীনের প্রযুক্তিনগরী শেনজেনে গতকাল বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। নজিরবিহীন ত্রিপক্ষীয় সম্মেলনে আলোচনার প্রধান বিষয় ছিল পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ ও তিন দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলন শেষ হওয়ার পরপরই শুরু হয় তিন নেতার ঐতিহাসিক বৈঠক। বৈঠক শেষে তিন নেতা একটি যৌথ ‘শান্তি ঘোষণা’ গ্রহণ করেছেন। শেনজেনের কাইলিন ভিলায় রুদ্ধদ্বার এই বৈঠক প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।
বিশ্বরাজনীতির গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে আয়োজিত সম্মেলনটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বৈঠকের সূচনা বক্তব্যেই পারমাণবিক অস্ত্রের বিষয়টি সামনে আনেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তির বিশেষ দায়িত্ব রয়েছে বলে মনে করেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন বিশ্বের সবচেয়ে বড় তিন পারমাণবিক শক্তি। অন্য দেশগুলোর তুলনায় আমাদের সক্ষমতা অনেক বেশি। পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কীভাবে কমানো যায় এবং ভবিষ্যতে এসব অস্ত্র ব্যবহারের ঝুঁকি কীভাবে হ্রাস করা সম্ভব, তা নিয়ে আলোচনার জন্য আমরা বিশেষ অবস্থানে রয়েছি।’ শুধু নিজেদের অস্ত্রভা-ার ছোট করাই নয়, বিশ্বের অন্য দেশগুলোতে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতেও যৌথভাবে কাজ করার প্রস্তাব দেন ট্রাম্প। তার ভাষায়, তিন দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র কমানোর সম্ভাবনা খতিয়ে দেখার পাশাপাশি অন্য দেশগুলোতে পারমাণবিক অস্ত্র ছড়িয়ে পড়ার হুমকি মোকাবিলায় সহযোগিতার বিষয়েও আলোচনা হবে। তবে বৈঠকের শুরুতেই বোঝা যায়, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের প্রশ্নে তিন দেশের অবস্থান এক নয়। বাস্তবতা সম্পর্কে ট্রাম্প নিজেও সচেতন। তিনি বলেন, ‘সত্যি বলতে, কাজটি অত্যন্ত কঠিন। কারণ একবার কোনো দেশের হাতে পারমাণবিক অস্ত্র চলে এলে তা আর ছেড়ে দেওয়া সহজ নয়। একজন রাষ্ট্রনেতার জন্য এমন অস্ত্র ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন।’
ট্রাম্প বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেও, শি জিনপিং ও ভøাদিমির পুতিন নিজেদের বক্তব্যে পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গই তোলেননি। ট্রাম্প যেখানে পারমাণবিক নিরস্ত্রীকরণের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন, সেখানে শি ও পুতিন গুরুত্ব দিয়েছেন বিশ্বশান্তি রক্ষা ও আন্তর্জাতিক স্থিতিশীলতায় তিন পরাশক্তির ভূমিকার ওপর। জিনপিং বলেন, ‘আশি বছরেরও বেশি সময় আগে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র বিশ্বের ফ্যাসিবাদবিরোধী প্রধান শক্তি হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। সেই লড়াইয়ে তারা বড় বিজয় অর্জন করে এবং বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।’ শি বৈঠকটিকে যুগান্তকারী গুরুত্বের একটি আয়োজন হিসেবে বর্ণনা করেন। তার মতে, বৈশ্বিক চ্যালেঞ্জ যৌথভাবে মোকাবিলা এবং বিশ্বশান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে তিন দেশের উচিত অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করা।
শি জিনপিংয়ের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে পুতিন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী শক্তিগুলোর মধ্যে ছিল রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে দেশগুলোর যৌথ দায়িত্ব রয়েছে। পুতিন বলেন, ‘আমি বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে গঠনমূলক সহযোগিতা করতে পারলে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন এবং আমাদের জনগণ বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।’
তিন নেতার লক্ষ্য কি এক : বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচি যতই অভিন্ন মনে হোক, তিন নেতার রাজনৈতিক লক্ষ্য ও কূটনৈতিক হিসাব এক নয়। সম্মেলনের আগেই বিশ্লেষকরা জানিয়েছিলেন, দীর্ঘ কয়েক বছরের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে বিশ্বকূটনীতির কেন্দ্রে ফিরে আসার বার্তা দিতে চায় রাশিয়া। ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে একই টেবিলে বসার সুযোগকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে তুলে ধরতে আগ্রহী ক্রেমলিন। বিশ্লেষকদের ধারণা, সম্মেলনকে কাজে লাগিয়ে ইউক্রেন যুদ্ধের এমন একটি নিষ্পত্তির পথও খুলতে চাইতে পারে মস্কো, যা রাশিয়ার স্বার্থের অনুকূলে থাকবে।
চীনের লক্ষ্য কিছুটা ভিন্ন : বেইজিং চায় না, ত্রিপক্ষীয় সম্মেলন রাজনৈতিকভাবে বিতর্কিত কোনো বিষয়ে জটিলতায় পড়–ক। চীনা নেতৃত্ব বরং পূর্বপরিকল্পিত ও সুনিয়ন্ত্রিত একটি কূটনৈতিক আয়োজনের মধ্য দিয়ে শি জিনপিংয়ের রাষ্ট্রনায়কোচিত ভাবমূর্তি তুলে ধরতে আগ্রহী। বিশ্বব্যবস্থায় চীনের কেন্দ্রীয় অবস্থান প্রতিষ্ঠার বার্তা দেওয়াও বেইজিংয়ের অন্যতম লক্ষ্য। সম্মেলনের আগে চীন আলোচনার প্রধান উদ্দেশ্য হিসেবে ‘বিশ্বশান্তি’র কথা তুলে ধরেছিল। ট্রাম্পের রাজনৈতিক হিসাবেও সম্মেলনটি গুরুত্বপূর্ণ। চলতি মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে তার রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনীতিতে নিজের সাফল্য তুলে ধরার সুযোগ খুঁজছেন তিনি। বিশ্লেষকদের ধারণা, শি ও পুতিনের সঙ্গে বৈঠককে নিজের পররাষ্ট্রনীতির দক্ষতা প্রদর্শনের একটি বড় মঞ্চ হিসেবে ব্যবহার করতে পারেন ট্রাম্প।
পারমাণবিক চুক্তি কি আদৌ সম্ভব : বৈঠকের আগেই ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, সম্মেলন থেকে পারমাণবিক অস্ত্রভা-ার কমানোর কোনো চুক্তি হবে বলে ওয়াশিংটন আশা করছে না। তবে আলোচনাটিকে ভবিষ্যতে আরও গভীর ও ফলপ্রসূ সংলাপের সূচনা হিসেবে দেখতে চায় ওয়াশিংটন। ওই কর্মকর্তা বলেন ‘চীনের জন্য বিষয়টি মোকাবিলা করা কঠিন। তবে আমাদের মনে হয়, চীনের এখন সময় এসেছে বড় শক্তিগুলোর আলোচনার টেবিলে বসার ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দায়িত্বশীল আলোচনা করার।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, এটি এমন একটি আলোচনার সূচনা হবে, যা ভবিষ্যতে ফলপ্রসূ হয়ে উঠতে পারে।’
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের আলোচনা এত কঠিন হওয়ার পেছনে রয়েছে তিন দেশের অস্ত্রভা-ারের বিশাল পার্থক্য। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের কাছে আনুমানিক পাঁচ হাজার করে পারমাণবিক ওয়ারহেড রয়েছে। বিপরীতে চীনের হাতে রয়েছে প্রায় ৬০০টি। শি’র নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে চীন দ্রুত পারমাণবিক সক্ষমতা বাড়িয়েছে। তারপরও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় দেশটির অস্ত্রভা-ার অনেক ছোট। মূলত সেই কারণেই ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে একই কাঠামোয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে আসছে বেইজিং। যুক্তরাষ্ট্র একাধিকবার চীনকে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু প্রতিবারই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীনা নেতৃত্ব।
বর্তমান পরিস্থিতিতে বড় কোনো সমঝোতায় পৌঁছানোর মতো অভিন্ন অবস্থান তিন দেশের মধ্যে তৈরি হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। সম্ভাব্য আলোচনার একটি ক্ষেত্র হতে পারে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তে মানুষের সরাসরি নিয়ন্ত্রণ নিশ্চিত করা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থায় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষজ্ঞদের উদ্বেগ, ভবিষ্যতে স্বয়ংক্রিয় প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বিপজ্জনক ভুলের ঝুঁকি বাড়াতে পারে।