দেশের ২৩ জেলায় ব্যাপক নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে বাস, ট্রাক, ট্রেন, সরকারি স্থাপনা, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, কোথাও যানবাহনে আগুন দেওয়া হয়েছে, কোথাও রেললাইন ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। দুটি ট্রেনের কোচে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বিভিন্ন স্থানে অন্তত ১২টি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
নাশকতার ঘটনায় সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে গোপালগঞ্জে। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়, পুলিশ বক্স, সরকারি দপ্তর এবং বিএনপির নেতাদের বাড়িতেও হামলা হয়েছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নিরাপত্তার কারণে কয়েকটি পথে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় জনজীবনেও প্রভাব পড়েছে।
নাশকতার ঘটনা ঘটেছে গোপালগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও রাজবাড়ীতে।
গোপালগঞ্জে এমপির বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। মুকসুদপুরেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জ শহরে পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। এর মধ্যেই দেশি অস্ত্র হাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মহড়া দেওয়ার খবর পাওয়া গেছে।
চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন, সড়ক অবরোধ
চট্টগ্রামের আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারের ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনায় বক্সের চেয়ার ও আসবাবপত্র পুড়ে যায়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী জানান, অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে।
একই উপজেলার তৈলারদ্বীপে বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির পাশে রামদা ও লগি-বইঠা হাতে মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে সড়কে আগুন দেওয়া হয়। বাঁশখালীর কালীপুর ও শেখেরখীল ইউনিয়নের দুটি সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। একই সময়ে একটি গ্রামীণ ব্যাংক শাখার বাইরেও আগুন দেওয়া হয়।
বিভিন্ন স্থানে যানবাহন ও স্থাপনায় আগুন
খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুরে পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়। একটি গাড়ির ভেতরের অংশ পুড়ে যায়। ফেনীর ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়া হয়। আরোহীরা নিরাপদে বেরিয়ে আসেন। ফতুল্লার পাগলা রেলস্টেশন এলাকায় পদ্মা রেলসংযোগের ৩৪ নম্বর পিলারসংলগ্ন একটি কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে আগুন লাগে। পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পথে ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।
গাজীপুরের ভুরুলিয়ায় পল্লী বিদ্যুতের অভিযোগকেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপে বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল নিক্ষেপের পর এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন।
রাজশাহী ও পাবনায় একাধিক ঘটনা
রাজশাহীর আমচত্বরে বিআরটিসির বাস ডিপোতে আগুন দেওয়া হয়। টার্মিনালে দুটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হলে একটি পুড়ে যায়। চারঘাটের বাগমারী গ্রামে রেললাইনেও আগুন দেওয়া হয়। বাঘার মানিগ্রামে গ্রামীণ ব্যাংকের শাখার পাশ থেকে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
নাটোরের গুরুদাসপুরে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা হকের মালিকানাধীন দুটি মুদিদোকানে আগুন দেওয়া হয়। এতে অধিকাংশ মালামাল পুড়ে যায়।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নবনির্মিত মিলনায়তনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করা হয়। এতে দুটি চেয়ার পুড়ে যায় এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সুজানগরের নাজিরগঞ্জ বাসস্ট্যান্ডে একটি বাসেও আগুন দেওয়া হয়। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলায় মশালমিছিল ও সড়ক অবরোধের চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
টাঙ্গাইলে স্মৃতিস্তম্ভে পেট্রলবোমা
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। একই রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াইয়ে উড়ালসড়ক থেকে নিচে পেট্রলবোমা ছোড়া হলে কিছু সময় ঢাকামুখী যান চলাচল বন্ধ থাকে। কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত বাসে ককটেল নিক্ষেপ করা হলে ভেতরে আগুন ধরে যায়। যাত্রীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় হতাহতের ঘটনা ঘটেনি।
ময়মনসিংহ ও নেত্রকোনায় ট্রেনে আগুন
ময়মনসিংহের বিসকা রেলস্টেশন এলাকায় জারিয়া-ময়মনসিংহ লোকাল ট্রেনের একটি কোচে বুধবার রাত ১২টা ১০ মিনিটে আগুন দেওয়া হয়। এতে কোচের দুটি অংশ পুড়ে যায়। এ ছাড়া ভালুকায় পার্ক করা মীর এক্সপ্রেসের একটি বাস এবং ফুলবাড়িয়ায় একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে আগুন দেওয়া হয়। ভালুকায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা এক কর্মী দ্রুত বেরিয়ে আসায় হতাহত হননি।
নেত্রকোনার পূর্বধলায় জারিয়া থেকে ছেড়ে যাওয়া লোকাল ট্রেনের একটি কোচে আগুন দেওয়া হয়। খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়েও আগুন দেওয়া হয়। শাখা ব্যবস্থাপক মো. শহিদুল জানান, এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
দেশজুড়ে ধারাবাহিক এসব নাশকতায় জননিরাপত্তা, সড়ক ও রেল যোগাযোগ এবং সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাগুলোর তদন্ত ও জড়িত ব্যক্তিদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।