পাসপোর্টের আবেদনে শেখ হাসিনার স্বাক্ষর জাল: অভিযোগ রাশেদ খাঁনের

বর্তমানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে তিনি ভারতে অবস্থান করছেন।

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো অনুমতিপত্রে তার স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, শেখ হাসিনার আগের পাসপোর্টে থাকা স্বাক্ষরের সঙ্গে ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠির সঙ্গে সংযুক্ত অনুমতিপত্রের স্বাক্ষরের কোনো মিল নেই। তার মতে, এতে স্বাক্ষর জাল করার বিষয়টি স্পষ্ট।

গত ৯ নভেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠিয়ে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানায় ম্যাট্রিক্স চেম্বার্স। এর অগ্রগতি জানতে বৃহস্পতিবার আবারও চিঠি দেন প্রতিষ্ঠানটির আইনজীবী স্টিভেন পাওলস।

চিঠিতে পাওলস জানান, শেখ হাসিনার পক্ষে কাজ করার প্রমাণ চেয়েছিল বাংলাদেশ হাইকমিশন। এ কারণে তাঁর স্বাক্ষরিত একটি অনুমতিপত্র সংযুক্ত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে ওই অনুমতিপত্রের স্বাক্ষর নিয়ে প্রশ্ন তুলেছেন রাশেদ খাঁন। ফেসবুক পোস্টে তিনি শেখ হাসিনার পাসপোর্টের স্বাক্ষরের সঙ্গে অনুমতিপত্রের স্বাক্ষরের তুলনামূলক ছবি প্রকাশ করেন।

 

রাশেদ খাঁনের দাবি, ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতার সরাসরি সাক্ষাতের তথ্য বা ছবি প্রকাশ্যে আসেনি। তাঁর ধারণা, শেখ হাসিনা ভারতে অনেকটা গৃহবন্দী অবস্থায় রয়েছেন। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারলে তিনি নিজেই পাসপোর্ট ও এনআইডির আবেদন করতে পারতেন।

তিনি আরও বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির কারণে ভারত শেখ হাসিনাকে সরাসরি বাংলাদেশে ফেরার সুযোগ দিতে পারে না। ফলে তাঁর দেশে ফেরার একমাত্র পথ বন্দি বিনিময় চুক্তি। পাসপোর্ট ও এনআইডির আবেদনকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার কৌশল বলেও মন্তব্য করেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনার পক্ষ থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে তিনি সংস্থাটিকে জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে ডিসেম্বর মাসে দেশে ফিরতে চান। বর্তমানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে তিনি ভারতে অবস্থান করছেন।

 
সর্বশেষ সর্বাধিক পঠিত