দেশের রাজস্ব আয় বাড়ানো, সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা এবং জ¦ালানি খাতের ভর্তুকি ব্যবস্থায় সংস্কার আনতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বছরে ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত করা সম্ভব। একই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে রাজস্ব আয় ১৪ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে। এ জন্য কর প্রশাসনের আধুনিকায়ন, কর অব্যাহতি কমানো, জ¦ালানির দাম নির্ধারণে বাস্তবভিত্তিক নীতি গ্রহণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও লক্ষ্যভিত্তিক করার সুপারিশ করেছে বিশ্বব্যাংক। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির প্রকাশিত ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজস্ব আয় অত্যন্ত কম। অন্যদিকে সরকারের নিয়মিত ব্যয় ও জ¦ালানি খাতের ভর্তুকির চাপ বাড়ছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সুযোগ সংকুচিত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি সরকারি অর্থের ব্যবহার আরও কার্যকর করতে হবে।
বিশ্বব্যাংকের মতে, রাজস্ব সংস্কারকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনেও এ ধরনের সংস্কার জরুরি।
প্রতিবেদনে বাংলাদেশের রাজস্ব আদায়ের দুর্বল চিত্র তুলে ধরে বলা হয়েছে, ২০২৫ অর্থবছরে জিডিপির মাত্র ৬ দশমিক ৮ শতাংশ ছিল কর রাজস্ব। কর ও করবহির্ভূত আয় মিলিয়ে সরকারের মোট রাজস্ব ছিল জিডিপির ৮ শতাংশ। অথচ সমপর্যায়ের দেশগুলোর তুলনায় এই হার দ্বিগুণেরও বেশি।
বিদ্যুৎ ও গ্যাস খাতের ভর্তুকি সরকারের অর্থের ওপর বাড়তি চাপ তৈরি করছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। ২০১৮ অর্থবছরে এ খাতে ভর্তুকি ছিল জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ। ২০২৫ অর্থবছরে তা বেড়ে ১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। বিশ্ববাজারে জ¦ালানির দাম বাড়ার কারণে আগামী দিনে এ ব্যয় আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে জ¦ালানি ও বিদ্যুতের দাম নির্ধারণে ব্যয়ভিত্তিক ও নিয়মতান্ত্রিক পদ্ধতি চালুর সুপারিশ করেছে বিশ্বব্যাংক। পাশাপাশি জ¦ালানি খাতের নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী ও স্বাধীন করার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজস্ব আয় বাড়াতে করনীতি নির্ধারণ ও কর আদায়ের প্রশাসনিক কার্যক্রম আলাদা করার সুপারিশ করেছে বিশ্বব্যাংক। একই সঙ্গে কর প্রশাসনে ডিজিটাল ব্যবস্থার সমন্বয়, একক করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) ব্যবস্থার কার্যকর সমন্বয় এবং কর ব্যবস্থাপনার আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া কর অব্যাহতি কমানো, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাণিজ্য কর ব্যবস্থায় সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২২ অর্থবছরে কর অব্যাহতির কারণে সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ ছিল জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ। অথচ ওই বছর সরকারের মোট কর রাজস্বও এর কাছাকাছি ছিল। ফলে অপ্রয়োজনীয় কর অব্যাহতি কমাতে পারলে রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।
বিশ্বব্যাংকের প্রক্ষেপণ অনুযায়ী, রাজস্ব আহরণ বাড়ানো, ভর্তুকি লক্ষ্যভিত্তিক করা, সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি এবং জ¦ালানির মূল্য নির্ধারণে সংস্কার আনা হলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বছরে ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে। এসব সংস্কার পুরোপুরি বাস্তবায়ন করা গেলে ২০৩৫ অর্থবছরে জিডিপির অনুপাতে রাজস্ব আয় বেড়ে ১৪ দশমিক ৪ শতাংশে দাঁড়াতে পারে।
অন্যদিকে সীমিত সংস্কার করা হলে এ হার ১০ শতাংশে আটকে থাকতে পারে। পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়িত হলে সরকারি ব্যয় জিডিপির ১৮ শতাংশে উন্নীত করা সম্ভব হবে। একই সঙ্গে পুরো সময়জুড়ে বাজেট ঘাটতি ৫ শতাংশের নিচে রাখা এবং ২০৩৫ অর্থবছরে তা ৩ দশমিক ৬ শতাংশে নামিয়ে আনা সম্ভব বলে মনে করছে সংস্থাটি।
বিশ্বব্যাংকের মতে, এসব সংস্কারের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি হবে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পথও সুগম হবে।