অপশক্তি মোকাবিলায় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৪ এএম

আগুনসন্ত্রাস ও অপরাজনীতি মোকাবিলায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। আসুন, আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই। সঠিকভাবে ও শক্তভাবে জবাব দিই। যাতে করে তারা আর ভবিষ্যতে বাংলাদেশের ভাগ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

একই সঙ্গে তিনি তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আগামী ৩ বছরের মধ্যে বাংলাদেশের নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে ঘোষণা করেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী সকালে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা এবং বিকেলে কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে যোগ দেন।

অপশক্তি মোকাবিলায় ঐক্যের ডাক : প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন দেশের নারী-পুরুষ, শিশুসহ ছাত্র-ছাত্রী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করছে; তখন দেশের বিরুদ্ধে একটি গ্রুপ, একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এই সন্ত্রাসী গ্রুপটি জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে শাসন করেছিল।’

তিনি বলেন, ‘চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার, কথা বলার অধিকার, গুম-খুন বন্ধের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই অধিকার তারা আবার কেড়ে নিতে চায়। তাদেরকে কি আবার গুম-খুন, ভোটের অধিকার ও মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করার অনুমতি আপনারা দেবেন?’

প্রধানমন্ত্রী বলেন, ‘যদি তা না হয়, তাহলে আসুন, যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সকল গণতন্ত্রপ্রিয় মানুষ একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই খুনি-সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।’

তিনি বলেন, ‘গত কয়েকদিন দেখেছেন, ক্ষমতায় থাকতে তারা মানুষের সহায়-সম্পত্তি লুটতরাজ করেছে, মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে। পালিয়ে যাওয়ার পরও তারা আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। আবার মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। মানুষকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে।’

বাংলাদেশের মানুষ আর ভোট দখলের, গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে। তারা ৬০টি শিশুকে হত্যা করেছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ এবং জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকতে পারে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়, দেশের অগ্রগতি চায়। যদি দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে সব রাজনৈতিক দল, যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তাদের সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়। বাংলাদেশের মানুষ আর সেই অগ্নি সন্ত্রাসের রাজনীতিতে যেতে চায় না, লুণ্ঠনের রাজনীতিতে যেতে চায় না।’

উন্নয়নের রাজনীতির অঙ্গীকার : অতীতের নেতিবাচক রাজনীতির পরিবর্তে উন্নয়নের রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খাল খনন, শিল্প-কলকারখানা গড়ে তোলা এবং ফসলের উৎপাদন বাড়ানোর রাজনীতি করতে চাই। আমরা চাই দেশের মানুষ সঠিক শিক্ষা পাক এবং মা-বোনেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। আমাদের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়নের রাজনীতি।’

তারেক রহমান বলেন, ‘১৬ বছর ক্ষমতা দখল করে থেকেও কেন তারা তিস্তা ব্যারাজের কাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি? কেন তারা এই এলাকায় গ্যাসলাইন আনেনি? কেন এই এলাকায় ইপিজেড স্থাপন করেনি এই প্রশ্ন আমার ও আপনাদেরও।’

তিন বছরে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ : জনসভার আগে দুপুরে প্রধানমন্ত্রী লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে ‘প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬’ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বক্তব্যে তারেক রহমান বলেন, ‘তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে। অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে।’

তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হবে।’

এক দিনের সফরে সকালে লালমনিরহাট পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি সকার সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ সর্বাধিক পঠিত