শিল্পাঞ্চল এখনো উত্তপ্ত

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে গাজীপুর, সাভার, আশুলিয়া শিল্পাঞ্চল এলাকায়। কয়েক দিনের ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবারও এসব এলাকায় উত্তেজনা বিরাজ করে। শ্রমিকরা বিক্ষোভ করে সড়ক অবরোধের চেষ্টা করে। সকাল থেকে শ্রমিক অসন্তোষে উত্তপ্ত ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশ। আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। গাজীপুরের কয়েকটি স্থানে শ্রমিক অসন্তোষের কারণে একদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে ২০টি কারখানায়। সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে ৬৫ পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এসব এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

গাজীপুরে নাশকতা, অবরোধ-ভাঙচুর অব্যাহত : শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তপ্ত রয়েছে গাজীপুরের শিল্পাঞ্চল। একদিকে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ, অন্যদিকে অগ্নিসংযোগ ও কারখানা ভাঙচুরের ঘটনা। লাঠিসোঁটা হাতে দফায় দফায় মহাসড়ক অবরোধ, মার্কেট ভাঙচুর, পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে বুধবার রাতে ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে কাঠের স্তূপ লক্ষ্য করে বাইরে থেকে পেট্রোলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিক অসন্তোষে উত্তপ্ত ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশ। সালনা এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে এসে মহাসড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সড়ক ছেড়ে দিতে বললে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। বিক্ষুব্ধ শ্রমিকদের ছোড়া ইট-পাটকেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

মহাসড়কের শ্রীপুর অংশের বাঘেরবাজার, নতুন বাজার ও ১ নম্বর সিঅ্যান্ডবি বাজারসহ বিভিন্ন এলাকায় চলে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ। মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে শিল্পাঞ্চলে। আইনশৃঙ্খলা বাহিনী কয়েক দফা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কিছুক্ষণ পরই আবার সড়কে নামেন শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল।

মাওনা চৌরাস্তায় ১১টার দিকে মাওনা চৌরাস্তায় লাঠিসোঁটা হাতে শতাধিক লোক বিভিন্ন মার্কেটে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এ সময় ইটপাটকেল নিক্ষেপে কয়েকটি দোকান ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কে ক্রেতা-বিক্রেতারা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।

একাধিক ব্যবসায়ী জানান, সকাল থেকেই লাঠিসোঁটা হাতে একদল যুবক মহাসড়কে অবস্থান করছিলেন। পরে আনসার রোড এলাকা থেকে তারা মাওনা চৌরাস্তায় এসে বিভিন্ন দোকানে ভাঙচুর চালান। এ ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। শ্রমিকরা জানান, অগ্নিসংযোগ ও পোশাক কারখানায় ভাঙচুরের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। আমাদের আন্দোলনের মধ্যে কিছু মানুষ ঢুকে ভাঙচুর করে। আমরা কাজ করে চলি, কাজ বন্ধ আমরা চাই না। তবে আমাদের বেতন বৃদ্ধি হোক এটাও চাই। গাজীপুর শিল্পপুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবারেও কয়েকটি স্থানে শ্রমিক অসন্তোষ হওয়ায় একদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে ২০টি কারখানা।

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় দায়ের হয়েছে অন্তত ১৫টি মামলা। এসব মামলায় গত কয়েকদিনে গ্রেপ্তার করা হয়েছে ৮০ জনকে। এছাড়া নাশকতার পরিকল্পনার অভিযোগে গাড়িতে পেট্রোলবোমাসহ আওয়ামী লীগের এক নেতাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, শ্রমিক আন্দোলনের মধ্যে নাশকতা করছে অনেকেই। এর মধ্যেই আমরা ৮০ জনকে গ্রেপ্তার করেছি, তাদের সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবারেও আওয়ামী লীগের একজন নেতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার-আশুলিয়ায় ৬৫ কারখানার উৎপাদন ব্যাহত, শ্রমিক-পুলিশ সংঘর্ষ : শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল ৬৫ পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে।  এসব কারখানার মধ্যে বাংলাদেশ শ্রম আইন ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ২৯টি কারখানা, সাধারণ ছুটি দেওয়া হয়েছে অবশিষ্ট ৩৬ পোশাক কারখানায়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

গতকাল সাভার শিল্পাঞ্চলের উলাইল, রাজফুলবাড়িয়া, হেমায়েতপুর, পদ্মার মোড় এলাকার পোশাক কারখানাগুলোর উৎপাদন স্বাভাবিক এবং পরিবেশ শান্ত থাকলেও সকালে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে জিরাবো পুকুরপাড় এলাকার অরুণিমা পোশাক কারখানার সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, কিছুদিন বন্ধ থাকার পর গত দুদিন অরুণিমা পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চলছিল। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ দেননি। পরে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। তবে ছুটি ঘোষণার পরও শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে হইচই করতে থাকেন।

খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ঢাকা জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। একপর্যায়ে সাধারণ শ্রমিকরা ঘটনাস্থল ছেড়ে গেলেও কয়েকজন শ্রমিক পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা বের হয়ে সড়কে জড়ো হন। তাদের সড়ক থেকে সরে যেতে বললে একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, অরুণিমা কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এরপরও শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে ওপর থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।