২৩ জেলায় নাশকতা নিহত আরও ২

সারা দেশে গত কয়েক দিন ধরে চলা নাশকতার আগুনে গতকাল বৃহস্পতিবারও পুড়েছে গোপালগঞ্জে বিএনপির এক এমপির বাড়িসহ দেশের ২৩ জেলায় সরকারি-বেসরকারি স্থাপনা ও গাড়ি। কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি কাঠের দোকান থেকে প্রায় ৩০০টি লগি-বৈঠা জব্দ করেছে পুলিশ।

পেট্রোলবোমার আগুন ছড়িয়েছে গোপালগঞ্জ, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও সিলেটসহ ২৩ জেলায়। গোপালগঞ্জ-১ আসনে বিএনপির এমপি সেলিমুজ্জামান মোল্লা, তার স্বজন ও সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলার মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির এমপি সরওয়ার জামাল নিজামের বাড়ির পাশে রামদা ও লগি-বৈঠা হাতে মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। নাটোরে বিএনপির এক নেত্রীর দোকানে আগুন দেওয়া হয়েছে। গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের অভিযোগ কেন্দ্র, ময়মনসিংহে ইউপি চেয়ারম্যানের কক্ষে, টাঙ্গাইলে জুলাই স্মৃতিস্তম্ভে, চাঁদপুরে ইউপি কার্যালয়ে, নেত্রকোনায় ট্রেনের বগি, ভূমি কার্যালয়ে এবং রাজশাহীতে বাস ডিপোতে আগুন দেওয়া হয়েছে। ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, রংপুর, কুমিল্লা ও সিলেটে নিহত আরও ২ বাসে আগুন দেওয়া হয়েছে। পাবনার সুজানগর উপজেলার একটি যাত্রীবাহী বাসেও আগুন দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে নেত্রকোনা, সুনামগঞ্জ ও চট্টগ্রামে। গতকালের সংঘাত-সংঘর্ষে নিহত হয়েছেন আরও দুজন। বরিশালে বাসে পেট্রোলবোমা হামলায় নিহত হয়েছেন বাস হেলপার সিয়াম হাওলাদার। অন্যদিকে সিরাজগঞ্জের বেলকুচিতে ছাত্রদলের নেতাকর্মীদের হামলা ও ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্থানীয় আওয়ামী লীগের এক নেতা। দেশের বেশ কয়েকটি এলাকায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের বাসায়ও হামলার  ঘটনা ঘটেছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, শাহরিয়ার আলমসহ অনেক নেতাকর্মীর গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাড়িতে। 

বরিশাল : পিরোজপুরের মঠবাড়িয়ায় বুধবার ভোররাতে থামানো একটি বাসে পেট্রোলবোমার আগুনে অঙ্গার হয়েছেন সিয়াম হাওলাদার। নিহত সিয়াম হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠী গ্রামের কৃষক কবির হোসেন হাওলাদারের বড় ছেলে। পিরোজপুর-মঠবাড়িয়া রুটে চলাচলকারী ‘লোকাল বাহক’ পরিবহনের একটি বাসে হেলপার হিসেবে কাজ করতেন সিয়াম।

গভীর রাতে নানকের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ : বুধবার দিবাগত রাত ৩টার দিকে বরিশাল নগরীর বটতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা চালায় একদল বিক্ষুব্ধ ব্যক্তি। এ সময় ইটপাটকেলে বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয় এবং নিচতলার গার্ডরুম ও সামনের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেওয়া হয়। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় সড়কের পাশে থামানো বাঁশবোঝাই একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের বেলকুচিতে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা আশরাফ আলী নিহত হয়েছেন। তিনি বেলকুচি উপজেলার গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী বেপারির ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। বুধবার রাত ১০টার দিকে গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের চায়ের দোকানে পান খেতে গিয়েছিলেন আশরাফ আলী। তখন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের ২০-৩০ নেতাকর্মী মোটরসাইকেলযোগে মিছিল নিয়ে এসে তার ওপর হামলা চালায়। বৃহস্পতিবার ভোররাতে আশরাফ আলী হাসপতালে মারা যান।

সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন : চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িসহ সরকারি একটি স্থাপনায় বুধবার মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, বুধবার মধ্যরাতে ড. মুহাম্মদ ইউনূসের বাড়ির নিচতলার পরিত্যক্ত কক্ষে  আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাড়ি ভাঙচুর : এদিকে বুধবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে নগরীর দামপাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাড়ি এবং পাশের একটি ভবনে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। ৫০ থেকে ৬০ জনের একটি দল লাঠিসোটাসহ ভবন এলাকায় এসে মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা ভেবে সাঈদা নিবাস নামের ভবনটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে জহুর আহমেদ চৌধুরী টাওয়ারে ভাঙচুর চালায়। এদিকে বুধবার রাতে নগরের জিইসি মোড় এলাকায় দুর্বৃত্তরা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অফিসে আগুন দেয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন খুলশী থানার ওসি।

শাহরিয়ার আলমের গ্রামের পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগ : রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গ্রামের বাড়িতে বৃহস্পতিবার দুপুরে অগ্নিসংযোগ করা হয়েছে। বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে এই বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এর আগে রাজশাহী মহানগরীর বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ছাড়া গত রাতে রাজশাহী নগরীর কোর্ট এলাকায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। চারঘাটের বাগমারী এলাকায় রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া বাঘা উপজেলার মনিগ্রামে গ্রামীণ ব্যাংকের সামনে ৬টি ককটেলসদৃশ বস্তু ফেলে যায় দুর্বৃত্তরা। তবে এগুলোর একটিও বিস্ফোরিত হয়নি।

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকা- : প্রতিনিধি জানান, চাঁদপুরে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাসভবনে পৃথক অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে শহরের নতুনবাজার এলাকায় দীপু মনির বাসভবনের একটি পরিত্যক্ত কক্ষে এবং সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগে।

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন : প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে বুধবার রাতে আগুন দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল থেকে বিভিন্ন সেøাগান দেওয়ার পর মিছিলকারীরা পরিত্যক্ত বাড়িটি লক্ষ করে মশাল ছুড়ে মারে। এদিকে গত বুধবার দিনগত রাত ২টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালখাঁ এলাকায় বিএনপির একটি কার্যালয়ে জানালার ফাঁক দিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে কার্যালয়ের দুটি চেয়ার ও জানালার পর্দা পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় এশিয়ান হাইওয়েতে একটি খড়বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় ‘মামা-ভাগিনা পরিবহনের’ (পাহাড়িকা) একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে বাসটির পেছনের অংশে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোনাগাজীতে লুটপাটের পর সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ : সোনাগাজী (ফেনী) প্রতিনিধি জানান, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, এ সময় বাড়ির মালামাল লুটের পাশাপাশি ঘরে ও বাড়ির সামনে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। বুধবার রাত ৩টার দিকে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের সালমা গার্ডেনে এ ঘটনা ঘটে।

যশোর : যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যান লক্ষ্য করে পেট্রোলবোমাসদৃশ বিস্ফোরক নিক্ষেপের ঘটনা ঘটেছে।  এতে আগুনে দগ্ধ হয়েছেন গাড়িটির চালক রাজিব। এ ছাড়া ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন তার সহকারী হৃদয়। হামলার পর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি সড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়ে।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা  দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। অন্যদিকে গত বুধবার রাতে জেলা সদরের জিরো মাইল এলাকা থেকে নাশকতার চেষ্টার অভিযোগে বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা কমিটির সভাপতি নজরুল ইসলামকে ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বাগেরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা : গত বুধবার রাতে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা শথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। এ ছাড়া দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বাগেরহাট জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক দুলাল আকনের বাড়ি। একই রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই রাতে মোরেলগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেলেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। গত বুধবার দুপুর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কোনো বাস ছেড়ে যায়নি।

খুলনা : নগরীর শিববাড়ি মোড়ের গোলচত্বরে বিএনপির ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে গভীর রাতে সড়কে গাছ কেটে ও আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। গত বুধবার দিনগত গভীর রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং গহিরা-হেঁয়াকো সড়কের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।

সিলেট : সিলেট মহানগরীর চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস চারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে সিলেট ল কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জে বিএনপির এমপিদের বাড়ি ও ক্লিনিক ভাঙচুর ও আগুন : গোপালগঞ্জ প্রতিনিধি জানান, একের পর এক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল বৃহস্পতিবারও উত্তাল ছিল জেলাটি। সকালে কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

বেলা সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের পৈতৃক বাড়িতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে প্রবেশ করে। এ সময় বাড়িতে ককটেল নিক্ষেপ, বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাটের পর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। হামলায় এমপি সেলিমুজ্জামানের পৈতৃক বাড়ির দুটি টিনের ঘর, একটি দ্বিতল ভবন ও নির্মাণাধীন তিনতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়। একই সময়ে একই গ্রামের বাসিন্দা ও বিএনপি সমর্থক লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্লার বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া ঘোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকিরের বাড়ি এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালানো হয় বলেও জানা গেছে। একই সময়ে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে থানা ভবন ও অন্তত ২০টি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া গ্রামীণ ব্যাংক, মুকসুদপুর শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে পুনরায় অগ্নিসংযোগ এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জুর বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জুর শহরের বাড়িতেও ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গোপালগঞ্জের রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলানিউজের প্রতিনিধি সেখ মো. একরামুল কবীর মুক্তর নবীনবাগ এলাকার বাসায়ও হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

এদিকে, বৃহস্পতিবার ভোর থেকেই গোপালগঞ্জের ওপর দিয়ে যাওয়া ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়।

নেত্রকোনা : নেত্রকোনায় লোকাল ট্রেনে আগুন, ভূমি অফিসে ককটেল বিস্ফোরণ, গ্রামীণ ব্যাংকের সামনে অগ্নিসংযোগসহ মিছিল ও সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, গত বুধবার রাত ১১টা ২০ মিনিটে জারিয়া লোকাল ট্রেনটি পূর্বধলা স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। পরে রাত আনুমানিক ১২টার দিকে গৌরীপুরের বিসকা স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বগিটির কয়েকটি আসন পুড়ে যায়। এ ছাড়া সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি অফিসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

অন্যদিকে পূর্বধলার বালুচড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনের সড়কে আগুন দেওয়া হয়।

সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোরে তাহিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখায় এ ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংক।

টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার পাশে মহাসড়ক সংলগ্ন ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। গত বুধবার রাত ১১টার দিকে ওই ঘটনার এর কয়েক মিনিট পরই একই এলাকার হাঁটুভাঙ্গা ফ্লাইওভারের ওপর থেকে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ফ্লাইওভারের নিচে পরপর কয়েকটি পেট্রোলবোমা বিস্ফোরণ ঘটানো হয়। আগুনে স্মৃতিস্তম্ভটি পুড়ে যায়।

চন্দনাইশে লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে এমপি জসীমের নেতৃত্বে মিছিল : চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচি পালিত হয়। বরুমতি ব্রিজ এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে গাছবাড়িয়া খাঁনহাট চত্বরে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। কর্মসূচিতে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।