রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের আশা বাংলাদেশের

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ামনারের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) যে রায় দিয়েছে, সেটাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। এখন রায় মেনে রোহিঙ্গাদের দ্রুততার সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর আহ্বানও জানিয়েছে ঢাকা। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারের এমন অবস্থান ব্যক্ত করেন দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ ইসলাম।

হুমায়ুন কবির বলেন, ‘আইসিজের রায়কে আমরা স্বাগত জানাই এবং আমরা সন্তুষ্ট। এবারই প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য নিন্দা জানাল আইসিজে।’

রায় উল্লেখ করে তিনি বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে চালানো গণহত্যার জন্য মিয়ানমার রাষ্ট্রকে নিন্দা করা হয়েছে। অধিকারের গুরুতর লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক আদালতের বিচার প্রক্রিয়ায় প্রথমবারের মতো এমনটা ঘটল।’ প্রতিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি আক্রান্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে একটা ইতিবাচক ফল এখানে আছে। সুতরাং বাংলাদেশের জন্যও কিছু ইতিবাচক প্রভাব থাকবে।’

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘আমরা আশা করব, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি বুঝতে পারবে যে, রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজের দেশে সম্মানের সঙ্গে ফেরত যেতে চায় এবং আজকের রায়কে তারা সম্মান জানাবে। সম্মান জানিয়ে তারা এই প্রত্যাবাসন প্রক্রিয়াটা শুরু করবে।’

তিনি বলেন, ‘আজকে (গতকাল) অবশ্যই একটি ঐতিহাসিক দিন। বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের জন্য এটা ইতিবাচক খবর। যে রায়টা হয়েছে, সে রায়টা অত্যন্ত পরিষ্কার। এ রায়ে বলা হয়েছে, মিয়ানমার গণহত্যা চালিয়েছে, সেটা খুবই পরিষ্কার।’ শামা ওবায়েদ বলেন, ‘রাখাইন রাজ্যে রোহিঙ্গা গোষ্ঠীকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য যে কার্যক্রম তারা চালিয়েছে, সেটা এ রায়ের মধ্য দিয়ে ফুটে উঠেছে। শুধু এটাই নয়, আরও যে অনেক অন্যায়-অবিচার তারা করেছে, এ রায়ে এসেছে।’