দুবলার চরে রাস উৎসব, যাতায়াতে নির্ধারিত পাঁচ নৌপথ

সুন্দরবনের দুবলার চরে আগামী ২২ নভেম্বর শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রাস উৎসব। রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে দেশ-বিদেশের তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য পাঁচটি নির্দিষ্ট নৌপথ ঘোষণা করেছে বন বিভাগ। একই সঙ্গে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্য প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে উৎসব ঘিরে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

তিন দিনব্যাপী এ উৎসব চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, এবারের রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নানে শুধু সনাতন ধর্মাবলম্বীরা অংশ নিতে পারবেন। তীর্থযাত্রীদের লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকায় বন বিভাগের নির্ধারিত পাঁচটি নৌপথের যেকোনো একটি ব্যবহার করে দুবলার চরে যেতে হবে।

উৎসব চলাকালে রাতে নৌযান চলাচল, যত্রতত্র নোঙর, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার ও শব্দদূষণ নিষিদ্ধ করা হয়েছে। সুন্দরবনের পরিবেশের ক্ষতি রোধ এবং বন্য প্রাণীর স্বাভাবিক বিচরণ নিশ্চিত করতেই এসব বিধিনিষেধ দেওয়া হয়েছে।

পূর্ব বন বিভাগ সূত্রে জানা গেছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ, নৌ পুলিশ, র‍্যাব ও কোস্ট গার্ডের সদস্যরা দায়িত্ব পালন করবেন। উৎসবের তিন দিন নদী ও বনাঞ্চলে সার্বক্ষণিক টহল ও নজরদারি থাকবে।

বন বিভাগের নির্ধারিত পাঁচটি নৌপথের মধ্যে প্রথমটি হলো বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর। দ্বিতীয় পথটি কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, সেখান থেকে শিবসা নদী ও মরজাত দিয়ে দুবলার চর।

তৃতীয় নৌপথে নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে যেতে হবে। চতুর্থ পথে ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদ দিয়ে দুবলার চরে পৌঁছানো যাবে। আর পঞ্চম পথটি বগী, বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলার চর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চরে যাওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ডেপুটি রেঞ্জার নাছির উদ্দিন বলেন, বন বিভাগের নির্ধারিত সূচি অনুযায়ী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিন তীর্থযাত্রীদের সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এ জন্য প্রত্যেক যাত্রীকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আবেদন করতে হবে।