২০১৮ সালের আলোচিত কেপটাউন টেস্টের বল বিকৃতি বা ‘স্যান্ডপেপার-কাণ্ড’ নিয়ে নতুন করে মুখ খোলায় অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ফ্যানি ডি ভিলিয়ার্স। খাজাকে নিজের ৫০ বছরের ক্রিকেট-অভিজ্ঞতায় দেখা ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেছেন তিনি।
ড্রেসিংরুমের গোপনীয়তা ভঙ্গ করা এবং অস্ট্রেলীয় ক্রিকেটকে আবারও বিতর্কের মুখে ঠেলে দেওয়ার অভিযোগে খাজাকে এই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ডি ভিলিয়ার্স। উল্লেখ্য, ২০১৮ সালের সেই নিউল্যান্ডস টেস্টে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করার সময় ডি ভিলিয়ার্সই প্রথম অস্ট্রেলীয় ফিল্ডারদের বলের অস্বাভাবিক পরিচর্যার বিষয়টি ধরতে পেরেছিলেন এবং সম্প্রচারকারী দলের ক্যামেরাম্যানদের সেদিকে নজর রাখতে বলেছিলেন।
পার্থের রেডিও স্টেশন ‘৯১.৩ স্পোর্টএফএম’-এ দেওয়া এক সাক্ষাৎকারে খাজার সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘সবর’ (Sabr)-এর তীব্র সমালোচনা করেন সাবেক এই প্রোটিয়া পেসার। বইটিতে খাজা দাবি করেছেন, আট বছর আগের সেই বল বিকৃতির পরিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের সব সদস্যই জানতেন।
১৯৯৪ সালে সিডনিতে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক টেস্ট জয়ে ১০ উইকেট নেওয়া ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি রেকর্ড রেখেই বলতে চাই, গত ৪০-৫০ বছর ধরে ক্রিকেট দেখার অভিজ্ঞতায় খাজা সম্ভবত আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। একজন খেলোয়াড়ের যে কয়টি আচরণবিধি থাকা উচিত, সে তার সবকটিই ভঙ্গ করেছে।’
খাজা তার সতীর্থদের বিক্রি করে দিয়েছেন উল্লেখ করে ডি ভিলিয়ার্স আরও বলেন, ‘এটা ঠিক বা ভুলের বিষয় নয়। যে ভুলটা হয়েছিল, তার সমাধান আগেই হয়ে গেছে। এটি অস্ট্রেলীয় ক্রিকেটের ইতিহাসের অংশ হয়ে গিয়েছিল এবং ঘটনাটি দুঃখজনক ছিল। কিন্তু এই লোকটি সবকিছু আবার সামনে নিয়ে এসেছে। সে অস্ট্রেলীয় ক্রিকেটকে নতুন করে কলঙ্কিত করেছে, বন্ধুত্ব নষ্ট করেছে এবং দলের ভেতরের শৃঙ্খলা ভেঙেছে। যা যা ভুল করা সম্ভব, সে তার সবই করেছে।’
এদিকে, খাজা ও ক্যামেরন ব্যানক্রফটের সাম্প্রতিক সব বিস্ফোরক তথ্যে বর্তমান অস্ট্রেলিয়া দলও বেশ চাপে পড়েছে। সিডনিতে এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স দাবি করেছেন, বল বিকৃতির ওই পরিকল্পনার বিষয়ে আগে থেকে তার কোনো ধারণাই ছিল না। তবে একের পর এক নতুন তথ্য সামনে আসায় কামিন্সের পদত্যাগ এবং পুরো ঘটনাটি নিয়ে নতুন করে তদন্তের দাবি উঠেছে।
ড্রেসিংরুমের সীমিত সংখ্যক খেলোয়াড়ের জানার যে দাবি এতদিন করা হচ্ছিল, তাতে সবচেয়ে বড় আঘাতটি আসে চলতি সপ্তাহের শুরুতে। অস্ট্রেলীয় দৈনিক ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ ৪ হাজার ৪৯৭ শব্দের এক দীর্ঘ নিবন্ধে মুখ খোলেন ২০১৮ সালের সেই ঘটনায় নিষিদ্ধ হওয়া অন্যতম ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট। পোর্ট এলিজাবেথ ও কেপটাউনের ঘটনা সম্পর্কে কামিন্সের অস্বীকারের বক্তব্য সরাসরি নাকচ করে দেন তিনি।
দীর্ঘ বছর ধরে একা এই বোঝা বয়ে বেড়ানোর পর সত্য প্রকাশ করে নিজেকে হালকা মনে হচ্ছে জানিয়ে ব্যানক্রফট বলেন, এর আগে তিনি সবার হয়ে একাই সব দায় কাঁধে নিয়েছিলেন এবং ঘটনাগুলো নিয়ে কখনোই পুরোপুরি সত্য কথা বলেননি।